জাতীয় সংসদে বিল পাস

চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ ইসলামিক ফাউন্ডেশনের অধীনে

বন্দর নগরী চট্টগ্রামের ঐতিহ্যবাহী জমিয়াতুল ফালাহ মসজিদের ব্যবস্থাপনা ইসলামিক ফাউন্ডেশনের আওতায় নেয়া হলো। এ জন্য গতকাল সোমবার বিকালে জাতীয় সংসদে ইসলামিক ফাউন্ডেশন (সংশোধন) বিল-২০১৩ পাস করা হয়। ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া সংসদে বিলটি উত্থাপন করে পাস করার প্রস্তাব করেন। বিরোধী দলের যেসব সংসদ সদস্য বিলের ওপর সংশোধনীর প্রস্তাব এনেছিলেন, তারা অনুপস্থিত থাকার কারণে তা উত্থাপিত হয়নি; ফলে কণ্ঠভোটে বিলটি পাস হয়। বিলটি পাস হওয়ার ফলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এবং চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদের মতো জমিয়াতুল ফালাহ মসজিদ ইসলামিক ফাউন্ডেশনের আওতায় থাকবে। বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে বলা হয়েছে—১৯৭৬ সালে সরকার ১ টাকা প্রতীকী মূল্যে চট্টগ্রামে ১২ একর সরকারি জমি জমিয়াতুল ফালাহ মসজিদের অনুকূলে ৯৯ বছর মেয়াদে চিরস্থায়ী বন্দোবস্ত দেয়। মসজিদটি সরকারি জমিতে এবং সরকারি অর্থায়নে নির্মিত হলেও এর ব্যবস্থাপনার বিষয়টি অস্পষ্ট। মসজিদ ও কমপ্লেক্সের ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ প্রশ্নে আইনগত অবস্থান স্পষ্ট নয় এবং বিভ্রান্তি ও সংশয় এখনো বিরাজমান, যা দূর হওয়া দরকার।