শ্যাভেজ দেশে ফিরেছেন
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০১৩, ২২:২৮
ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ কিউবায় ক্যান্সার চিকিত্সার পর দেশে ফিরেছেন। সামাজিক যোগাযোগ ওয়েবসাইট টুইটারে গতকাল সোমবার ভোরে শ্যাভেজ লিখেন, ‘আমরা আবার মাতৃভূমি ভেনিজুয়েলায় ফিরে এসেছি। ঈশ্বরকে ধন্যবাদ। আমার প্রিয় দেশবাসী তোমাদের ধন্যবাদ। আবার এখানে আমার চিকিত্সা শুরু করব।’ তিনটি টুইটার বার্তার একটিতে শ্যাভেজ কিউবার প্রেসিডেন্ট রাউল এবং সাবেক নেতা ফিদেল ক্যাস্ট্রোকে ধন্যবাদ জানান। বিজ্ঞান ও কারিগরি মন্ত্রী ও শ্যাভেজের জামাতা জর্জ এ্যারেয়াজা জানান, বিমানবন্দর থেকে তাকে রাজধানী কারাকাসের সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর এএফপি ও বিবিসির।
২০১১ সালে শ্যাভেজের (৫৮) শরীরে প্রথম ক্যান্সার ধরা পড়ে। অস্ত্রোপচার ও চিকিত্সার পর তিনি নিজে এই রোগ থেকে মুক্ত বলে ঘোষণা করেন এবং গত অক্টোবরে তিনি আরেকটি মেয়াদের জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। চতুর্থ দফায় অস্ত্রোপচারের জন্য কিউবার হাভানায় যান শ্যাভেজ। গত ১৪ বছর ধরে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন শ্যাভেজ। ২০১২ সালের অক্টোবরে তিনি ৬ বছরের জন্য আবার প্রেসিডেন্ট নির্বাচিত হন। কিন্তু অসুস্থতার জন্য তার অভিষেক অনুষ্ঠান পিছিয়ে দেয়া হয়।
১১ ডিসেম্বর অস্ত্রোপচারের পর তিন দিন আগে ভেনিজুয়েলা সরকারের পক্ষ থেকে প্রথম তার ছবি প্রকাশ করা হয়। এতে হাভানায় একটি হাসপাতালের বিছানায় শ্যাভেজের পাশে তার দুই মেয়েকে হাস্যোজ্জ্বল দেখা যায়। শ্যাভেজের অসুস্থতা বা ক্যান্সারের ধরন সম্পর্ক কোনোকিছু জানা যায় না। পুরো বিষয়টিই রহস্যজনক। কিন্তু ধারণা করা হয় তার অসুস্থতা গুরুতর।