গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এক মতবিনিময় সভা শুক্রবার সকালে শহরের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। অর্থ মন্ত্রনালয় জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের উত্সব ভাতা, মাসিক চিকিত্সা ভাতা ও অবসর গ্রহণের তারিখ হতে ১৫ বছর অতিক্রান্ত হবার পর মাসিক পেনশন ভাতা পুনঃস্থাপনের দাবিতে এ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ সামসুল আরেফিন। সমিতির গাজীপুর জেলা কমিটির সভাপতি মোঃ আঃ হামিদের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ জালাল উদ্দিন আহম্মেদ, সমিতির উপদেষ্টা চাঁদপুরের গোলাম মোস্তফা প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তারা ১২ হাজার অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের অসহায় পরিবার, সন্তানদের লেখাপড়া ও তাদের ভবিষ্যতের কথা বিবেচনা করে জারিকৃত প্রজ্ঞাপন পূর্ণ বাস্তবায়নে গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ, অর্থ মন্ত্রনালয় ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।