গুগল’র বিরুদ্ধে ব্যবস্থা নেবে ইউরোপিয়ান ইউনিয়ন
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:০৪
ইন্টারনেটের ব্যবহার বাড়ার সাথে সাথে অনলাইনে ব্যক্তির গোপনীয়তা এবং অনলাইন তথ্যের সুরক্ষার বিষয়গুলো আলোচিত হয়ে আসছে। বিশ্বব্যাপী বিভিন্ন দেশের সংশ্লিষ্ট সংস্থাগুলো এ বিষয়ে বরাবরই সোচ্চার ভূমিকা পালন করে যাচ্ছে। ইউরোপিয়ান ইউনিয়নের অধীনস্ত দেশগুলোও অনলাইনে তথ্যের নিরাপত্তা নিয়ে সোচ্চার ভূমিকা রেখে যাচ্ছে। ইউরোপিয়ান ইউনিয়নের পক্ষ থেকেই এবারে টেক জায়ান্ট গুগল’র বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গুগল’র বর্তমান গোপনীয়তার নীতির কারণেই তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা গ্রহণ করা হবে। ফ্রান্সের প্রাইভেসি রেগুলেটর সিএনআইএল এই তথ্য জানিয়েছে। তারা জানিয়েছে, গত মার্চ মাস থেকেই গুগল তাদের বিভিন্ন ওয়েবসাইট থেকে ওয়েবসাইট ভিজিটরদের বিভিন্ন তথ্য সংগ্রহ করতে থাকে। মূলত বিজ্ঞাপনের সুবিধার্থেই এই তথ্যগুলো সংগ্রহ করে থাকে গুগল। তথ্যের এই সংগ্রহকেই বড় রকমের ঝুঁকি বলে ধারণা করছে ইউরোপিয়ান ইউনিয়নের রেগুলেটরি কর্তৃপক্ষ। এই বিষয়টি নিয়ে ইউরোপিয়ান ইউনিয়নের পক্ষ থেকে সিএনআইএল গত বছরের অক্টোবর মাসেই গুগলকে সতর্ক করে। তারা গুগল’র তখনকার গৃহীত নীতিমালাকে সংশোধন করার জন্য চার মাসের সময়ও বেঁধে দেয়। তবে গুগল’র পক্ষ থেকে তখন জানানো হয়, তাদের গোপনীয়তার নীতিমালা ইউরোপিয়ান ইউনিয়নের আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ। যে কারণে তারা তাদের সেই নীতিমালায় কোনো ধরনের পরিবর্তন আনেনি এই চার মাস সময়ের মধ্যে। আর তার ফলেই ইউরোপিয়ান ইউনিয়ন এবারে পদক্ষেপ গ্রহণ করবে গুগল’র বিরুদ্ধে। এ প্রসঙ্গে সিএনআইএল-এর পক্ষ থেকে জানানো হয়ে, ‘গুগল আমাদের উদ্বেগের বিষয়ে কোনো ধরনের কার্যকর উত্তর প্রদান করেনি। এই প্রেক্ষিতে ইউরোপিয়ান ইউনিয়নের তথ্য সুরক্ষায় যে কর্তৃপক্ষ রয়েছে তারা তাদের তদন্ত চালিয়ে যেতে প্রতিজ্ঞাবদ্ধ। বিষয়টি নিয়ে কাজ করার জন্য সিএনআইএল-এর নেতৃত্বে একটি দল গঠনের বিষয়ে প্রস্তাবনা এসেছে। তারা সংশ্লিস্ট সকলের প্রতিক্রিয়া শুনবে এবং গুগল’র বিরুদ্ধে কী ব্যবস্থা গ্রহণ করা যায়, তা আসছে গ্রীষ্মের আগেই চূড়ান্ত করবে।’ এর প্রতিক্রিয়ায় অবশ্য গুগল জানিয়েছে, ‘বিভিন্ন ধরনের নীতিমালার প্রতি আমরা সবসময়ই শ্রদ্ধাশীল। সিএনআইএল-এর সাথে আমাদের যোগাযোগ রয়েছে এবং বিষয়টি মিমাংসা করার জন্য সবকিছু করতে আমরা প্রস্তুত।