৬০ মিলিয়ন পেরিয়ে আউটলুক

টেক জায়ান্ট মাইক্রোসফট আগেই ঘোষণা দিয়েছে তাদের ইমেইল সার্ভিস হিসেবে হটমেইলের পরিবর্তে আউটলুককে ব্যবহারের। আউটলুকের পরীক্ষামূলক এই সংস্করণের পরে এবারে চূড়ান্তভাবে আউটলুক চালু করার ঘোষণা দিয়েছে তারা। তারা জানিয়েছে, ইমেইল সার্ভিস হিসেবে আউটলুক আগের সব ধরনের সার্ভিসের চাইতে অনেক উন্নত এবং এর মাধ্যমে এর ব্যবহারকারীরা সম্পূর্ণ ভিন্ন ধরনের অভিজ্ঞতা লাভ করবে। আধুনিক জীবনের সাথে তালমিলিয়ে চলতে যে ধরনের ইমেইল সেবা প্রয়োজন, তা মেটাতেই আউটলুকের যাত্রা বলে জানায় মাইক্রোসফট। আগের হটমেইলের ব্যবহারকারীদের আউটলুকে স্থানান্তর করে দেওয়ার ঘোষণাও দেয় তারা। মাইক্রোসফটের এক ব্লগপোস্টে তারা জানিয়েছে, ‘আমরা শীঘ্রই সকল হটমেইল ব্যবহারকারীর অ্যাকাউন্টকে আউটলুকে স্থানান্তর করব। ইমেইল অ্যাকাউন্ট, পাসওয়ার্ড, ম্যাসেজ, ফোল্ডার, কন্টাক্টসহ হটমেইলের সবকিছুই স্থানান্তর করে দেওয়া হবে আউটলুকে।’ আউটলুক সকলের জন্য সম্পূর্ণ ভিন্ন এক ইমেইল অভিজ্ঞতা হবে বলেই আশাবাদ জানিয়েছে মাইক্রোসফট। এদিকে আউটলুকের ঘোষণা দেওয়ার পর থেকে এখন পর্যন্ত ৬ মাসের মধ্যেই আউটলুকের ব্যবহারকারী ৬০ মিলিয়ন পেরিয়ে গেছে বলে জানিয়েছে তারা।