আমার জন্মদিন কখনোই আয়োজন করে উদযাপন করা হয় না

মু খো মু খি সজল। এ সময়ের ছোটপর্দার সবচেয়ে জনপ্রিয় অভিনেতা। দীর্ঘদিন ধরেই দাপটের সঙ্গে নাটক-টেলিফিল্মে অভিনয় করে চলেছেন তিনি। এমনকি তিনি ছোটপর্দার গণ্ডি পেরিয়ে এবার রুপালি পর্দাতেও পা রাখছেন। আজ এই গুণী ও জনপ্রিয় অভিনেতার শুভ জন্মদিন। নিজের জন্মদিনসহ সাম্প্রতিক ব্যস্ততা এবং বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন বিনোদন প্রতিদিন-এর সঙ্গে। সাক্ষাত্কার নিয়েছেন রবি হাসান আজ আপনার জন্মদিন, বিনোদন প্রতিদিন-এর পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা। এবারের জন্মদিনটি কীভাবে কাটাচ্ছেন? জন্মদিন আসলে আয়োজন করে কখনোই উদযাপন করা হয় না আমার। অধিকাংশ সময়ই শুটিং থাকে। কিন্তু এবার শুটিংটাও করা হচ্ছে না। কারণ দাদু অসুস্থ, এই কারণে আমাদের সবার উপর দিয়েই ঝক্কি যাচ্ছে। দেখি তার শারীরিক অবস্থা কেমন যায়। সামনে হয়তো ক’টা দিন শুটিং বন্ধ রাখব। তাকে নিয়ে অনেক চিন্তিত আমরা সবাই। আপনার বর্তমান ব্যস্ততা প্রসঙ্গে জানতে চাইছি। বর্তমান ব্যস্ততা বলতে চলচ্চিত্রে কাজ শুরু করেছি। এটা ব্যস্ততার বড় একটি অংশ। সামনে আরও দুটো চলচ্চিত্র করব। ভাবছি ওই দুটি চলচ্চিত্রসহ চলচ্চিত্রের যত তথ্য আছে আমার কাছে এগুলো সব মিলিয়ে মজার একটা ইনফরমেশন দিব সবাইকে। তাই আপাতত এ বিষয়ে তেমন কিছুই বলতে চাচ্ছি না। আর ক’টা দিন পর বলব। এদিকে ভ্যালেন্টাইন ডে গেল, এই উপলক্ষে বেশ কিছু নাটক করা হয়েছে। কিছু লাইভ শো’তেও কাজ করেছি। সবচেয়ে মজার কথা আমি নাচের পারফর্মও করেছি। বেসিক্যালি আমি কিন্তু নাচিয়ে না, তারপরও করলাম। একটা মজার এক্সপেরিয়েন্স হয়েছে। কিছু শেখার সুযোগ হয়েছে, ভালোই লেগেছে। আগামীকাল একুশে ফেব্রুয়ারি, এর জন্য একটি নাটকের কাজ করলাম। এই নাটকটির জন্য টানা প্রায় তিন দিন ভোর ৪টা ৫টা পর্যন্ত কাজ করতে হয়েছে। এবারের বইমেলায় আপনার লেখা বই প্রকাশ হওয়ার কথা ছিল। বইটি প্রকাশ না হওয়ার কারণ কী? আমি আসলে বইয়ের লেখাটি শেষ করে উঠতে পারিনি। আমি চাচ্ছিলাম যে লেখাটা পড়ে নিজে আনন্দ পাব এবং অন্যের ভালো লাগার জায়গার ব্যাপার আছে। তাই অসমাপ্ত লেখা তড়িঘড়ি করে সমাপ্ত করে বইমেলায় ছাড়তে চাইনি। শীঘ্রই হয়তো বইটির লেখা শেষ করব। বইমেলায় তো আর হচ্ছে না, তাই মেলা ছাড়াই এমনিতে বাজারে ছাড়ব। আরও কিছু প্রস্তুতির বিষয় আছে সেগুলোও শেষ করতে চাই বইটি প্রকাশ হওয়ার আগেই। আপনি মঞ্চে অভিনয় করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, এটা কতদূর এগোলো? এটার ইচ্ছা এখনও আছে। সময় সাপেক্ষের বিষয়, হয়তো খুব শীঘ্রই এটাও হবে। অনেক দিনের ইচ্ছে মঞ্চে কাজ করার, তাই যত ব্যস্ততাই থাকুক খানিকটা সময় বের করে অবশ্যই মঞ্চে অভিনয় করব। আর আমার এই জন্মদিনে যেহেতু সাক্ষাত্কার প্রকাশ হচ্ছে, তাই এই সাক্ষাত্কারের মাধ্যমে সবার কাছে দোয়া চাইছি, যেন সামনের দিনগুলোও ভালোভাবে সুন্দরভাবে কাটাতে পারি। সুন্দর কাজ উপহার দিতে পারি। আমাকে সবাই এতদিন যেভাবে ভালোবেসেছে, এভাবেই যেন ভালোবাসে।