সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বেশ কিছু বিশিষ্ট ব্যক্তিকে ‘ভয়ংকর’ আখ্যা দিয়ে তাদের নিষিদ্ধ করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমটি ডানপন্থি ষড়যন্ত্রকারী ওয়েবসাইট ইনফোওয়ারসের প্রতিষ্ঠাতা অ্যালেক্স জোনস, প্রতিষ্ঠানটির যুক্তরাজ্যভিত্তিক সম্পাদক পল জোসেফ ওয়াটসন এবং এক্স-ব্রেইটবার্টের বার্তা সম্পাদক মাইলো ইয়ানোপোউলোসের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য দেয়ার অভিযোগ এনেছে ফেসবুক। কট্টরবাদী চিন্তার কারণে লাউইস ফারাককানও রয়েছেন ফেসবুকের অভিযুক্তের তালিকায়। ইতোমধ্যে ইসলামবিরোধী যুক্তরাজ্যের সংগঠন ‘ব্রিটেইন ফার্স্ট’কে নিষিদ্ধ করেছে ফেসবুক। সর্বশেষ ফেসবুকের মালিকানাধীন ইনস্টাগ্রামে থাকা এসব ব্যক্তির অ্যাকাউন্টও বন্ধ করা হয়েছে।
এক বিবৃতিতে ফেসবুকের পক্ষ থেকে বলা হয়েছে, যেসব ব্যক্তি এবং সংগঠন উসকানিমূলক বক্তব্য প্রকাশ এবং সহিংসতা ও বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে সম্পৃক্ত তাদের বিরুদ্ধে নিয়মিত ব্যবস্থা নিয়ে থাকে ফেসবুক। এসব ব্যক্তি এবং প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট বন্ধের বিষয়ে আমাদের সিদ্ধান্ত চূড়ান্ত। ফেসবুকের কালো তালিকায় রয়েছেন শ্বেতাঙ্গ আধিপত্যবাদী পল নেহলেন এবং ইসলামবিরোধী কর্মী লরা লুমার। এরা সবাই ফেসবুকে খুবই সক্রিয় থেকে ইসলামবিরোধী মতাদর্শ প্রকাশ করতেন।
ফেসবুকের পক্ষ থেকে বলা হয়েছে, এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। যারাই বিদ্বেষমূলক প্রচারণায় যুক্ত থাকবেন তাদের অ্যাকাউন্ট বন্ধ করে দেয়া হবে এবং ফেসবুকে তাদের কোনো জায়গা নেই।—বিবিসি