পুরস্কার পেল ২৫ পরিবেশবান্ধব পোশাক কারখানা
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:২৩
পরিবেশবান্ধব হিসেবে কারখানার কার্যক্রম পরিচালনার জন্য ২৫টি বস্ত্র ও পোশাক কারখানাকে পুরস্কৃত করেছে তৈরি পোশাক উত্পাদক ও রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ। গতকাল রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে এসব কারখানার মালিকদের এই সম্মাননা প্রদান করা হয়। বিজিএমইএ সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের। আলোচনায় অংশ নিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, আমাদের দেশে অনেক কারখানা রয়েছে যারা শতভাগ কমপ্লায়েন্স (কারখানায় কর্ম পরিবেশ) মানে। আবার অপরিকল্পিতভাবে গড়ে উঠায় তা মানছে না—এমন প্রতিষ্ঠানের সংখ্যাও কম নয়। বিজিএমইএকে নিজেদের স্বার্থেই পরিবেশসহ কমপ্লায়েন্সের বিষয়ে নজর দিতে হবে। তবে সরকার এসব বিষয়ে নজর রাখছে বলে জানান তিনি। বিজিএমইএ সভাপতি অভিযোগ করে বলেন, কারখানার মানোন্নয়নে অনেক পদক্ষেপ নিলেও গণমাধ্যমে এসব প্রচারণা পায় না। উল্টো বিকৃত তথ্য উপস্থাপন করে। পুরস্কারপ্রাপ্ত ২৫টি পোশাক কারখানা হলো— এপেক্স স্পিনিং এন্ড নিটিং মিলস, অ্যাপারেল গ্যালারি, অ্যারাইভাল ফ্যাশন, কসমোপলিটন ইন্ডাস্ট্রি, ডির্ড কম্পোজিট টেক্সটাইল, ফকির নিটওয়্যার, ইন্টারসফট অ্যাপারেল, নিট কনসার্ন, মেঘনা নিট কম্পোজিট, মিলেনিয়াম সোয়েটার, মোজার্ট নিট, নর্দার্ন কর্পোরেশন, ওয়েকো-টেক্স, এসকিউ সেলসিয়াস, ভিয়েলাটেক্স, সিকদার ক্লাসিক, ইসলাম গার্মেন্টস, তুসুকা প্রসেসিং, রবিনটেক্স, জাবের এন্ড জুবায়ের, ডিভাইন টেক্সটাইল, জিএমএস কম্পোজিট নিটিং, হ্যামস ওয়াশিং, স্কয়ার নিট ও স্টারলিং লন্ড্রি।
এই অনুষ্ঠানে বিজিএমইএকে সহায়তা করে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন (আইএফসি)। অনুষ্ঠানে অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান গোলাম হোসেন, ঢাকাস্থ নেদারল্যান্ড দূতাবাসের উপ-প্রধান কার্ল রিচটার, বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের চার্জ দ্য অ্যাফেয়ার্স অ্যান্ড্রু বার্নার্ড এবং আইএফসির’র কান্ট্রি ম্যানেজার কাইল কেলহোফার প্রমুখ।