বিসিআইএম ফোরামের আন্তর্জাতিক সেমিনার শনিবার থেকে

আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নে গঠিত বিসিআইএম (বাংলাদেশ, চীন, ভারত ও মিয়ানমার) ফোরামের দুই দিনব্যাপী আন্তর্জাতিক সেমিনার শনিবার থেকে শুরু হচ্ছে। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দে শুরু হবে। এতে দেশগুলোর মধ্যে জ্বালানি ও খনিজ সম্পদ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং বাণিজ্য ও বিনিয়োগে সহযোগিতা বাড়ানোর জন্য বিস্তারিত আলোচনা হবে। সেমিনারে চার দেশের বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা উপস্থিত থাকবেন। গতকাল সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এসব কথা জানান সিপিডির নির্বাহী পরিচালক ড. মোস্তাফিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন সিপিডির গবেষণা প্রধান ড. ফাহমিদা খাতুন। ড. মোস্তাফিজুর রহমান বলেন, ভারত ও চীন অর্থনৈতিকভাবে বিশ্বের গুরুত্বপূর্ণ দেশ। এ দু’টি দেশের মধ্যে অবস্থিত হওয়ায় বাংলাদেশেরও সম্ভাবনার দিক রয়েছে। এ অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনার পাশপাশি প্রায় ২৮০ কোটি মানুষের আবাসস্থল হওয়ায় এ অঞ্চলের গুরুত্ব আরো বেশি। ড. মোস্তাফিজুর রহমান বলেন, আলোচনার ভিত্তিতে আঞ্চলিক সহযোগিতা ও সুযোগ বাড়ানো সম্ভব হলে এ দেশগুলো বিশ্বের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ স্থান দখল করতে পারবে। বিসিআইএম-এর উদ্যোগে আগামী ২২ ফেব্রুয়ারি কলকাতা থেকে কুনমিং পর্যন্ত কার শো অনুষ্ঠিত হবে। ২৩ ফেব্রুয়ারি কার শোর অভিযাত্রীরা ঢাকায় এসে পৌঁছবেন। এদিন তাদেরকে একটি সংবর্ধনা দেয়া হবে।