সংবাদ কণিকা

ইন্দোনেশিয়ায় বন্যায় নিহত-১৭ ইন্দোনেশিয়ার উত্তরাঞ্চলীয় সুলাবেসি প্রদেশে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে। সোমবার মাটির নিচ থেকে তিন শিশুসহ পাঁচজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সরকারি কর্মকর্তা জানিয়েছেন, ছয় ফুট পানির নিচে ডুবে আছে অনেক এলাকা। পাহাড়ি এলাকাটি ভূমিধসপ্রবণ হওয়ায় এ ঘটনা আবারো ঘটতে পারে আশঙ্কায় প্রদেশের রাজধানী মানাদো এবং আশপাশের এলাকা থেকে অন্যত্র সরে গেছে আট হাজারেরও বেশি মানুষ। মাটির নিচে আরো মৃতদেহ থাকতে পারে এ কারণে উদ্ধার কর্মীরা তাদের অভিযান অব্যাহত রেখেছেন। দুর্যোগ কর্মকর্তারা জানান, মানাদোর সাতটি জেলাসহ সুলাবেসিতে এ বন্যা ভয়াবহ আকার ধারণ করেছে। -এপি ত্রাণ নিয়ে যাচ্ছে রুশ বিমান রাশিয়ার জরুরি বিষয়ক মন্ত্রণালয়ের দু’টি বিমান মঙ্গলবার মস্কো থেকে মানবিক ত্রাণ সাহায্য নিয়ে সিরিয়ার লাতাকিয়া শহরের উদ্দেশে রওনা দিয়েছে। বিমানগুলোতে করে সিরিয়ায় অবস্থানরত যেসব রুশ নাগরিক দেশে ফিরতে চায় তাদেরও ফিরিয়ে আনা হতে পারে। মন্ত্রণালয়ের এক মুখপাত্র রাশিয়ার বার্তা সংস্থাগুলোকে জানিয়েছেন, ইলিয়ুশিন-৬২ ও ইলিয়ুশিন-৭৬ নামের বিমান দু’টিতে ৪৬ টন মানবিক ত্রাণ নিয়ে যাচ্ছে। বিমান দু’টি সেখানে অপেক্ষমান রুশ নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে প্রস্তুত। - এএফপি নিলামে টাইটানিকের হার্টলের বেহালা ঐতিহাসিক টাইটানিক ডুবে যাওয়ার সময় (১৫ এপ্রিল, ১৯১২) ব্যান্ডমাস্টার ওয়ালেস হার্টেল যে বেহালাটি বাজিয়েছিলেন তা আগামী ২০ এপ্রিল নিলামে উঠতে যাচ্ছে। আর এটি নিলাম হলে এর থেকে রেকর্ড পরিমাণ দাম পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। তবে এই বেহালাটি আসল বেহালা কিনা তা নিয়ে বেশ সংশয় রয়েছে। অনেকেই মনে করছেন, এটি যদি আসল হয়, তাহলে এর দাম উঠতে পারে অনেক। সব সত্যতা যাচাই-বাছাইয়ের পরই এর নিলাম অনুষ্ঠিত হবে। সমপ্রতি ডেইলি মেইলে এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়। -পিটিআই আফজাল গুরুর লেখা শেষ চিঠি নিজের মৃত্যু পরোয়ানা শোনার পর প্রথমে কাগজ-কলম চেয়েছিলেন আফজাল গুরু। তা দিয়ে শেষবারের মতো চিঠি লিখেছিলেন স্ত্রীকে। ফাঁসির দু’দিন পরে সেই চিঠি পাঠানো হয় আফজালের পরিবারকে। ফাঁসির আগে অবশ্য আফজালের স্ত্রী তবসুমকে কোনও খবর জানানো হয়নি। এবার আফজালের মৃতদেহ চেয়ে তবসুমের আবেদনও খারিজ করে দিতে চলেছে কেন্দ্রীয় সরকার। কারণ কাশ্মীরের সোপোরে আফজালের মৃতদেহ পৌঁছালে তাকে ঘিরে নতুন করে অশান্তি দানা বেঁধে উঠতে পারে। এমনটাই আশঙ্কা ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। -আনন্দবাজার পত্রিকা