৬ নিরস্ত্র বন্দিকে হত্যার অভিযোগ মিয়ানমার সেনাদের বিরুদ্ধে

মিয়ানমারের সেনাবাহিনী স্কুলে আটক অন্তত ৬ জনকে গুলি করে হত্যা করেছে বলে জানিয়েছে। রাখাইন রাজ্যের একটি গ্রামে এই ঘটনা ঘটেছে। দেশটির সেনাবাহিনীর এক মুখপাত্র নিশ্চিত করে বলেছেন, সেনারা নিরস্ত্র বন্দিদের ওপর গুলি চালিয়েছে। কারণ হিসেবে তিনি বলেন, যেহেতু তারা সেনাদের অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল তাই আত্মরক্ষার্থে কাজটি করা হয়েছে।

আটকদেরকে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ গোষ্ঠীটি জাতিগত রাখাইন বৌদ্ধ গোষ্ঠী। মিয়ানমারের সেনাবাহিনী এবং বিদ্রোহীদের সামপ্রতিক সংঘর্ষের ঘটনায় বৌদ্ধ জনগোষ্ঠীর ৩০ হাজারেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। মিয়ানমারে বেশ কয়েকটি বিদ্রোহী গোষ্ঠী আছে। মিয়ানমারে অন্যান্য জাতিগত সংখ্যালঘু গোষ্ঠীগুলোর সঙ্গেও সেনাবাহিনীর প্রায়ই সংঘর্ষ হয়ে থাকে। মিয়ানমার সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল জ মিন তুন বলেন, ‘রথেডুয়াং শহরের কায়াউক তান গ্রামের একটি স্কুলে সাময়িকভাবে ২৭৫ জনকে আটক রাখা হয়েছে।’ তিনি আরো বলেন, বৃহস্পতিবার সকালে বন্দিরা ‘নিরাপত্তা বাহিনীকে আক্রমণ’ করার চেষ্টা চালালে তাদের ওপর সেনারা গুলি চালায়। এছাড়া সেনাদের আর অন্য কোনো উপায় ছিল না।