কীর্তিনাশার বেইলী সেতু ভেঙ্গে যান চলাচল বন্ধ

শরীয়তপুর-মাদারীপুর সড়কের খোয়াজপুর টেকেরহাটে কীর্তিনাশা নদীর উপরের বেইলী সেতুটির পাটাতন ভেঙ্গে পড়েছে। বন্ধ হয়ে গেছে শরীয়তপুরের সাথে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সকল সড়ক যোগাযোগ। মঙ্গলবার থেকে এ সড়কের সকল যানচলাচল বন্ধ হয়ে গেছে। শরীয়তপুর সওজ সূত্র জানায়, শরীয়তপুর-মাদারীপুর সড়কের কীর্তিনাশা নদীর খোয়াজপুর টেকেরহাট এলাকার বেইলী সেতুটি ঝুঁকিপূর্ণ। ঐ দিন অতিরিক্ত মাল বোঝাই একটি ট্রাক সেতুতে উঠলে সেতুর পাত ভেঙ্গে যায়। তখন থেকেই এ সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ট্রাকটি সেতু থেকে নামিয়ে পাটাতন মেরামতের কাজ করছে স্থানীয় সড়ক ও জনপথ বিভাগের কর্মীরা। যানবাহন পারাপার হতে না পেরে সেতুর দুই প্রান্তে শত শত যাত্রী ও পণ্যবাহী গাড়ি আটকা পড়েছে। শরীয়তপুর সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম বলেন, এ সড়কের ৩টি বেইলী সেতু ঝুঁকিপূর্ণ। ভাড়া গাড়ি চলাচলের কারণে মাঝে মাঝে পাটাতন ভেঙ্গে যায়। তখন সড়ক বন্ধ করে সেতুর মেরামত কাজ করতে হয়। ২৪ টন মাল বোঝায় ট্রাক সেতুতে উঠার কারণে সেতুর পাটাতন ভেঙ্গে পড়েছে। পাটাতন মেরামতের কাজ চলছে।