ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে সম্পর্কচ্ছেদ বা ব্রেক্সিট নিয়ে ক্ষমতাসীন ও বিরোধীদের মধ্যে টানাপড়েনের প্রভাব পড়েছে দেশটির স্থানীয় নির্বাচনে। কনজারভেটিভ এবং লেবার উভয় পার্টির প্রার্থীরা কাউন্সিলর নির্বাচনে ব্যাপক ভরাডুবির শিকার হয়েছে। এর ফলে লাভবান হয়েছে ছোট ছোট দলগুলো এবং স্বতন্ত্র প্রার্থীরা। ধারণা করা হচ্ছে, ব্রেক্সিট কার্যকর নিয়ে যে টালবাহানা চলছে, ভোটাররা তাদের ক্ষোভের প্রকাশ ঘটিয়েছে বড় দলের প্রার্থীদের বয়কট করে।
কনজারভেটিভ পার্টির প্রার্থীরা সবমিলিয়ে হারিয়েছে ১২শ’ আসন। অন্যদিকে, লিবারেল ডেমোক্র্যাট প্রার্থীরা ৬শ’র বেশি আসন লাভ করেছে। নির্বাচনের চুড়ান্ত ফলাফলে কনজারভেটিভ ও লেবার মিলিয়ে মাত্র ২৮ শতাংশ ভোট পেতে পারে বলে বিবিসি জানায়। অন্যদিকে, স্বতন্ত্র প্রার্থীরা পেতে পারে ২৫ শতাংশ। লিবারেল ডেমোক্র্যাটের ভোট প্রায় ২০ শতাংশ ছুয়ে যেতে পারে। বিশ্লেষকরা বলছেন, ব্রেক্সিট নিয়ে পরিস্থিতি যদি আরো জটিল হয় তবে ক্ষমতাসীনদের বড় রকমের মাসুল দিতে হতে পারে আগামী পার্লামেন্ট নির্বাচনে।