দ্রগবা স্নেইডারে উজ্জীবিত গালাতাসারায়
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৩৫
দিদিয়ের দ্রগবা ও ওয়েসলে স্নেইডারের আগমনে সংকটের মধ্যে থাকা জার্মান ক্লাব শালকে ফোরের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের খেলাটিতে উজ্জীবিতই থাকবে তুরস্কের গালাতাসারায়।
আজ বুধবার তুর্কি ক্লাবটির মাঠে অনুষ্ঠিত হবে ইউরোপের ক্লাব ফুটবলের সর্বোচ্চ আসরটির শেষ ষোলোর প্রথম লেগের এই খেলা।
ফুটবল রোমান্টিকদেরও চোখ থাকবে এই দুইজনের ওপর। গত মৌসুমে চেলসির চ্যাম্পিয়ন্স লিগ জয়ে বড় ভূমিকা ছিল দ্রগবার। এখন দুই ফুটবলার এক শিবিরে। গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের ফাইনালে চেলসির হয়ে পেনাল্টি কিক থেকে ম্যাচ জেতানো গোলটি করেছিলেন তিনি। তাছাড়া গত শুক্রবার গ্যালাতাসারের হয়ে অভিষেক ম্যাচে বদলি হিসেবে নেমে পাঁচ মিনিটের মধ্যে গোল করেন আইভরি কোস্টের অভিজ্ঞ খেলোয়াড় দ্রগবা। তার এমন ফর্ম আশার আলো জাগিয়েছে ২০০০ সালের উয়েফা কাপ চ্যাম্পিয়নদের।
ইস্তাম্বুলের ক্লাবটির আত্মবিশ্বাসী হয়ে উঠার পেছনে আরো একটি কারণ হলো তারা লিগে ভাল করছে। তুর্কি সুপার লিগে গালাতাসারায় সর্বশেষ ম্যাচে আখহিসার বেলেডিয়েস্পরের বিপক্ষে ২-১ গোলে জিতেছিল। এতেই ছিল দ্রগবার গোলটি। লিগে এখন তারা পয়েন্ট টেবিলেরও শীর্ষে রয়েছে। নিকটতম প্রতিদ্বন্দ্বী ফেনেরবাখ থেকে ছয় পয়েন্টে এগিয়ে রয়েছে।
গ্যালাতাসারের ম্যানেজার ফাতিহ তেরিম বলেন, ‘শালকের ম্যাচের আগে এটা আমাদের মনোবল বাড়িয়ে দিয়েছে।’ পাঁচ বছর আগে তুরস্কের দল ফেনেরবাখ সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে উঠেছিল। এবারও সেরকম সুযোগ আছে। তেরিম সব মিলিয়ে বলেন, ‘ফিট থাকা দ্রগবার সামর্থ্য রয়েছে উপরে উঠে বল নিয়ে দলকে নেতৃত্ব দেয়ার। আবার যখন স্নেইডারকে যোগ করবেন আমরা আরো ভাল খেলতে পারবো। দুইজনই দলটির সাথে নিজেদের দ্রুত মানিয়ে নিয়েছে।’
বর্তমানে ৩৪ বছর বয়সী দ্রগবাকে পুরোপুরি প্রস্তুত হতে সময় দিতে চান তার নতুন কোচ। কারণ চীনের দল সাংহাই সিনহুয়ার হয়ে দ্রগবার মৌসুম শেষ হয়েছে নভেম্বরে। যদিও এরপর আফ্রিকান নেশন্স কাপে দলকে কোয়ার্টার ফাইনালে তোলায় নেতৃত্ব দিয়েছেন। দ্রগবার নতুন সতীর্থ স্নেইডার এসেছেন ইতালির দল ইন্টারমিলান থেকে। বর্তমানে ২৮ বছর বয়সী এই খেলোয়াড় ইন্টারের (২০১০) হয়ে চ্যাম্পিয়ন্স লিগও জয় করেছেন। দক্ষিণ আফ্রিকায় ২০১০ সালের বিশ্বকাপে নেদারল্যান্ডস রানার্সআপ হয়। বিশ্বকাপেও স্নেইডারের অবদান রয়েছে। স্নেইডার এবং গ্যালাতাসারের স্ট্রাইকার বুরাক ইলমেজ দ্রগবার সাহায্য আশা করছেন আক্রমণভাগে। ব্রাজিলের ফিলিপে মেলো চার ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফেরার অপেক্ষায় রয়েছেন। শালকে অন্যদিকে তাকিয়ে আছে ইনজুরি থেকে ফেরা ক্লাস জেন হান্টেলারের দিকে। ডাচ এই ফরোয়ার্ড বলেন, ‘আমি নিজেকে শতভাগ ফিট মনে করছি আবারো এবং খেলার জন্য প্রস্তুত।’