জাতীয় ক্রিকেট দলের ক্যাম্প শুরু আজ

বাংলাদেশ দলের শ্রীলংকা সফরের ক্যাম্প শুরু হচ্ছে আজ বুধবার থেকে। জাতীয় দলের নতুন প্রধান কোচ শন জার্গুনসেনের অধীনে সকাল সাড়ে আটটা থেকে শুরু হবে অনুশীলন। গত সোমবার শ্রীলংকা সফরকে সামনে রেখে নির্বাচকরা ২৫ জনের প্রাথমিক দল ঘোষণা করেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) কালকের ফাইনালে এদের মধ্য থেকে সাতজন খেলোয়াড় অংশ নিয়েছেন। এদের বাদ দিয়ে বাকি ১৮জন খেলোয়াড় আজকের ক্যাম্পে যোগ দিবেন। ইনজুরির কারণে সাকিব আল হাসান ক্যাম্পে যোগ দিতে পারবেন না। এছাড়া মাশরাফি বিন মুর্তজা, মাহমুদুল্লাহ রিয়াদ, এনামুল হক বিজয়, রুবেল হোসেন, তাসকিন আহমেদ ক্যাম্পে যোগ দিবেন ২২ ফেব্রুয়ারি থেকে। জাতীয় দলের ফিল্ডিং কোচ কোরি রিচার্ড প্রাথমিক ক্যাম্পে যোগ দিবেন বলে জানিয়েছে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটি। গতকাল রাতে সিঙ্গাপুর এয়ারলাইন্স করে তিনি ঢাকায় পৌঁছেছেন বলে জানা গেছে। বাংলাদেশ দল শ্রীলংকা সফরে যাবে ২৮ ফেব্রুয়ারি। এর আগে ২৪ ফেব্রুয়ারি চূড়ান্ত দল ঘোষণা করার কথা রয়েছে।