ফখরুলের সংসদে না যাওয়ার ব্যাখ্যা চাইলেন গয়েশ্বর

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সংসদে না যাওয়ার কারন কি তা জানতে চেয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, কি তার চমক? দলীয় ৬ এমপির মধ্যে পাঁচজন সংসদে গেলেও ফখরুল ইসলাম আলমগীর কেন যাননি আশা করি তার ব্যাখ্যা তিনি দেবেন। হয়ত পরবর্তী সময়ে আমরা জানতে পারব এটি তার একটি চমক।

গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয়তাবাদী নবীন দল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গয়েশ্বর রায় বলেন, প্রশ্ন উঠেছে বিএনপির সবাই সংসদে গেল মহাসচিব গেল না কেন? এটা আমার কাছেও খটকা লাগে। দলের সিদ্ধান্তে সবাই গেলে মহাসচিব যাবেন না কেন? আলাদা কারও ভাল থাকা বা আলাদা কারও হিরো হওয়ার সুযোগ নেই। তাই তিনি কেন সংসদে যোগ দিলেন না নিশ্চয়ই সে বিষয়ে ব্যাখ্যা দেবেন।