কোলেস্টেরল মুক্ত খাবার আছে কি
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০১৩, ২১:০৫
ডা. মোড়ল নজরুল ইসলাম
সব খাবারে কমবেশি চর্বি থাকে। অনেকে জানতে চান কোলেস্টেরল বা চর্বিমুক্ত বা কোলেস্টেরল ফ্রি ফুড আছে কি? কোলেস্টেরল নিয়ে কয়েক ধরনের খাবার পাওয়া যায়। হাই কোলেস্টেরল ফুড, কোলেস্টেরল ফুড ও কোলেস্টেরল ফ্রি ফুড। মূলত কোলেস্টেরলমুক্ত খাবার আসে শাক-সবজি ও ফলমূল থেকে, আর কম চর্বিযুক্ত খাবারের মধ্যে রয়েছে কম চর্বির দুগ্ধজাত খাবার, মাছ ও পোল্ট্রি। আমেরিকান হার্ট এসোসিয়েশনের মতে কম চর্বিযুক্ত খাবার ও চর্বিমুক্ত খাবার আহারের মাধ্যমে হূদরোগের ঝুঁকি থেকে নিজেকে রক্ষা করা যায়। বাজারে আজকাল অনেক খাবারের, বিশেষ করে কৌটাজাত ও বোতলজাত খাবারের গায়ে লেখা আছে কোলেস্টেরল ফ্রি বা নো-কোলেস্টেরল ইত্যাদি। আসলে কোন এ্যানিমেল ফুড কোলেস্টেরল ফ্রি হয় না। কেবলমাত্র সবজি, ফলমূল, শস্যকণা ও লেগুমস কোলেস্টেরলমুক্ত হয়। এছাড়া ব্রেড, সিরিয়ালস, রাইস, পেসতা, শুষ্ক মটরশুঁটি জাতীয় খাবারে বেশি পরিমাণ শর্করা ও আঁশ থাকে। তাই কোলেস্টেরলমুক্ত খাবার আহার করতে চাইলে সবজি ও ফলমূল জাতীয় খাবার বেশি আহার করতে হবে। তবে মনে রাখতে হবে, বাজারে যেসব তেল পাওয়া যায়, বিশেষ করে সয়াবিন ও পাম অয়েল এর বেশিরভাগ কোলেস্টেরলমুক্ত নয়। তাই সবজি রান্নার ক্ষেত্রে কোলেস্টেরলমুক্ত তেল ব্যবহার অথবা কম তেলে রান্না করা বাঞ্ছনীয়।