যুক্তরাষ্ট্রের সাইবার নিরাপত্তা সংস্থার তথ্য

হ্যাকিংয়ের পেছনে চীনের সামরিক বাহিনী জড়িত

যুক্তরাষ্ট্রের একটি সাইবার নিরাপত্তা কোম্পানি দাবি করেছে, হ্যাকিংয়ের পেছনে চীনের সামরিক বাহিনীর একটি গোপনীয় শাখা জড়িত। কোম্পানিটি জানায়, ধারণা করা হচ্ছে, সারা বিশ্বের প্রায় ১৪১টি প্রতিষ্ঠানের তথ্য চুরি করেছে এই শাখাটি। তবে চীন এটাকে ভিত্তিহীন বলে দাবি করেছে। খবর বিবিসি ও রয়টার্সের। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াভিত্তিক ‘ম্যানডিয়ান্ট’ নামের কোম্পানিটি সোমবার প্রকাশ করা এক প্রতিবেদনে জানায়, ৬১৩৯৮ নামের এই শাখাটি বিশ্বের কমপক্ষে ১৪১টি প্রতিষ্ঠানের শত শত টেরাবাইট উপাত্ত সুচতুরভাবে চুরি করেছে। দেশটির সাংহাই শহরে অবস্থিত কার্যালয় থেকে হ্যাকিং কার্যক্রম পরিচালনা করা হয়। ম্যানডিয়ান্ট বিভিন্ন প্রতিষ্ঠানে সাইবার হামলা শনাক্ত ও এর প্রতিকারে সহায়তা দিয়ে থাকে। কোম্পানিটি ৬০ পাতার একটি প্রতিবেদনে দাবি করেছে, ২০০৬ সাল থেকে বিশ্বব্যাপী ২০টি শিল্পের কমপক্ষে ১৪১টি প্রতিষ্ঠানের শত শত টেরাবাইট উপাত্ত চুরি করেছে হ্যাকার গোষ্ঠী। হামলার শিকার ৮৭ শতাংশই ইংরেজি ভাষাভাষীর দেশ। তবে ম্যানডিয়ান্টের এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হং লেই বলেন, প্রাথমিক তথ্যের ভিত্তিতে যুক্তিবিহীন সমালোচনা করা দায়িত্বজ্ঞানহীন ও অপেশাদারিত্বমূলক। লেই জোর দিয়ে বলেন, হ্যাকিং বিরোধী বেইজিং এটার প্রতিরোধে ব্যবস্থা নিয়েছে এবং নিজেও সাইবার হামলার শিকার। বিভিন্ন সময়ে যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিট জার্নাল, নিউইয়র্ক টাইমসসহ বিভিন্ন প্রতিষ্ঠানে সাইবার হামলা চালানোর জন্য চীনকে দায়ী করা হয়।