মাতৃভাষা দিবসে শ্রদ্ধা জানাতে ঢাকার পথে কলকাতার ২১ জন
গোয়ালন্দ(রাজবাড়ী) সংবাদদাতা
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৫৬
একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কলকাতা থেকে সাইকেলে করে ছুটে এসেছেন ২১ সদস্যের একটি দল। দলনেতা মিহির দাস জানান, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে তাদের এ বিশেষ যাত্রা। ২১ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা ২১ জনই স্বেচ্ছায় রক্তদান করবেন। এরপর শাহবাগের প্রজন্ম চত্বরে আন্দোলনে সংহতি জানাবেন।
গতকাল মঙ্গলবার দুপুরে রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ঘাটে পৌঁছলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছরোয়ার হোসেন তাদেরকে স্বাগত জানান। পরে তারা ঢাকার উদ্দেশে রওয়ানা হন। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর আমন্ত্রণে ভারতের পশ্চিমবঙ্গের ফুটবল লাভার্স অ্যাসোসিয়েশন এবং ‘একান্নবর্তী’ সংগঠনের পরিচালনায় দলটির বাংলাদেশে এ বিশেষ যাত্রা। দলনেতা মিহির দাস দৌলতদিয়া রেস্টহাউজে যাত্রা বিরতিকালে আরো জানান, ১৪ ফেব্রুয়ারি কলকাতার দমদম এলাকা থেকে তাদের যাত্রা শুরু হয়। এ কর্মসূচি উদ্বোধন করেন বাংলাদেশের উপ-হাই কমিশনার আবিদা ইসলাম। এসময় স্থানীয় প্রশাসন ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইউএনও মো. ছরোয়ার হোসেন বলেন, কলকাতার সাইক্লিস্ট দলটির এ যাত্রা দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কেরই আরেকটি নিদর্শন।