দু’শ রান ছুঁতে পারলো না ঢাকা গ্ল্যাডিয়েটরস
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৫৬
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম ম্যাচে দুশো ছাড়ানো স্কোর দিয়ে শুরু করলেও ঢাকা গ্ল্যাডিয়েটরস বিপিএলের শেষ ম্যাচে দুশো রান ছুঁতে পারেনি। সাকিব আল হাসান ও এনামুল হক বিজয়ের দুর্দান্ত ব্যাটিংয়ের পরও ২০ ওভার শেষে ঢাকার স্কোর ১৭২। এরজন্য অবশ্য তারা বিদেশিদের দায়ী করতে পারেন। কারণ এগারজন খেলোয়াড়ের পাঁচজন বিদেশির মধ্যে কেউই দলকে কিছু দিতে পারেননি। বিদেশিদের ব্যর্থতার কারণে বিপিএলের ফাইনালে দুশো হয়নি ঢাকার।
১০ ওভার শেষে ঢাকার রান ছিল দুই উইকেটে ৯১। অথচ পরের দশ ওভারে তাদের স্কোরবোর্ডে জমা হয় ৮২ রান! তিলকরত্নে দিলশানকে হারালেও মোহাম্মদ আশরাফুলের ঝড়ো শুরু এবং এনামুল হক বিজয়ের মারমুখী ব্যাটিং ঢাকাকে স্বপ্ন দেখাচ্ছিল দুশো স্কোরের। কিন্তু শেষ পর্যন্ত হয়নি। বিপিএলের লিগপর্বে সর্বাধিক দুশো ছাড়ানো ইনিংসও ঢাকার (তিনবার)। অথচ ফাইনালে চিটাগাং কিংসকে তারা ছুঁড়ে দিল মাত্র ১৭২ রান।
১৬ বলে ২৪ রান করা আশরাফুল, ৩৬ বলে ৫৮ রান করা বিজয় এবং সর্বশেষ সাকিবের ২৯ বলে ৪১ রানে ১৬ ওভারেই ঢাকার ছুঁয়ে যায় দেড়শ রান। সাকিব অবশ্য একবার লাইফও পেয়েছেন। ২৩ রানে উইকেট কিপার নূরুল হাসানের কাছ থেকে জীবন ফিরে পাওয়া সাকিবের ইনিংসটি বেশিদূর গড়ায়নি। ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে রবি বোপারার তালুবন্দি হন তিনি। দুর্ভাগ্য বিজয়ের। মাহমুদুল্লাহ রিয়াদকে ছক্কা মেরে ফিফটি করা বিজয় রুবেলের বলে টাইমিং মিস হওয়ায় বোল্ড হয়ে ফিরতে হয় তাকে। আর শেষদিকে জেশন কোব ও ড্যারেন স্টিভেন্সের ব্যাটিং বিফলে গেলে ঢাকার দুশো রানের স্বপ্ন ভেস্তে যায়।