শহীদ মিনারে কঠোর নিরাপত্তা, যান চলাচল নিয়ন্ত্রণ

অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পুলিশ ও র্যাব শাহবাগের প্রজন্ম চত্বর থেকে শুরু করে কেন্দ্রীয় শহীদ মিনার ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ঘিরে নজিরবিহীন নিরাপত্তা বলয় গড়ে তুলেছে। নিয়ন্ত্রণ করা হয়েছে যানবাহন চলাচল। ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজীর আহমেদ বলেন, নগরবাসীর সার্বিক নিরাপত্তায় পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শহীদদের প্রতি শান্তিপূর্ণ শ্রদ্ধা নিবেদনের জন্য বেশ কিছু নিরাপত্তা পদ্ধতি নেয়া হয়েছে। র্যাবের মিডিয়া এ্যান্ড লিগ্যাল শাখার পরিচালক উইং কমান্ডার হাবিবুর রহমান বলেন, নিরাপত্তার জন্য ৭শ’ র্যাব সদস্য পুলিশের সঙ্গে কাজ করবেন। র্যাবের বোমা নিষ্ক্রিয়করণ টিম ও ডগ স্কোয়াড সার্বক্ষণিক শহীদ মিনার এলাকায় মোতায়েন থাকবে। কেন্দ্রীয় শহীদ মিনারে প্রবেশের জন্য একটাই পথ নির্ধারণ করা হয়েছে। পথটি হচ্ছে- পলাশী ক্রসিং। এর বাইরে সকল রুটে যানবাহন চলাচল বন্ধ থাকবে। যান চলাচল নিয়ন্ত্রণ পুলিশের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ রাত ৭টা থেকে কাল ২১ ফেব্রুয়ারি বিকাল ৩টা পর্যন্ত জনসাধারণের চলাচল ও সব ধরনের যানবাহন নিয়ন্ত্রণ করা হয়েছে। আজিমপুর গোরস্থান থেকে যারা কেন্দ্রীয় শহীদ মিনারে যেতে চান তারা আজিমপুর গোরস্থানের মূল গেইট থেকে (গোরস্থানের দক্ষিণ পার্শ্বে) বের হয়ে আজিমপুর সড়ক, আজিমপুর বেবী আইসক্রিম মোড়, পলাশী ক্রসিং, এসএম হল এবং জগন্নাথ হলের সামনের রাস্তা দিয়ে শহীদ মিনারে যাবেন। বকশীবাজার, চকবাজার, উর্দুরোড, ঢাকেশ্বরী সড়ক, নাজিম উদ্দিন সড়ক, বাবুপুরা সড়ক এলাকার জনসাধারণ যারা গোরস্থানে না গিয়ে সরাসরি শহীদ মিনারে যেতে চান তারা পুরাতন রেলওয়ে হাসপাতাল সড়ক, পলাশী ক্রসিং, এসএম হল এবং জগন্নাথ হলের সামনের রাস্তা দিয়ে শহীদ মিনারে যেতে পারবেন। আব্দুল গনি সড়ক, তোপখানা সড়ক, শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণী (পার্ক এভিনিউ) এলাকার যে সমস্ত জনসাধারণ গোরস্থানে না গিয়ে শহীদ মিনারে যেতে চান তারা হাইকোর্ট, দোয়েল চত্বর ক্রসিং, কাজী নজরুল ইসলাম এভিনিউ, টিএসসির মোড়, নীলক্ষেত পুলিশ ফাঁড়ি, পলাশী ক্রসিং, এসএম হল এবং জগন্নাথ হলের সামনের রাস্তা দিয়ে শহীদ মিনারে যেতে পারবেন। যেসব ছাত্র-ছাত্রী ও জনসাধারণ রোকেয়া হল, শামসুন্নাহার হল এবং বিশ্ববিদ্যালয়ের কলাভবন এলাকা হতে সরাসরি শহীদ মিনারে যেতে চান তারা নীলক্ষেত পুলিশ ফাঁড়ি, পলাশী ক্রসিং, এসএম হল এবং জগন্নাথ হলের সামনের রাস্তা দিয়ে শহীদ মিনারে যেতে পারবেন।