রংপুরে পুলিশকে হামলা গাড়ি ভাংচরে ২ এসআই ১ এএসআইকে ক্লোজ

পুলিশের উপর জামায়াত-শিবিরের হামলা, গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ ও আহত করার ঘটনা প্রতিরোধ করতে না পারায় রংপুর কোতোয়ালী থানার ২ এসআই ও ১ এএসআইকে ক্লোজ করা হয়েছে। তারা হচ্ছেন এসআই রাশেদুল ইসলাম, এসআই হারুন-অর-রশিদ ও এএসআই শাহাদত হোসেন। সোমবার রাতে পুলিশ সুপার তাদের পুলিশ লাইনে ক্লোজ করেন। তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। পুলিশের উপর হামলা, গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ ও পুলিশ সদস্যদের আহত করার অভিযোগে দ্রুত বিচার আইনে এবং কাজে বাধা দান ও পুলিশকে মারধরের অভিযোগে জামায়াত-শিবিরের ৪০ জনের নাম উল্লেখসহ ৫শ’ নেতাকর্মীর নামে ২টি মামলা দায়ের হয়েছে। জড়িত থাকার অভিযোগে সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালের ম্যানেজার শামছুল হুদা, শিবির দর্শনা ইউনিটের সভাপতি নাসির হোসেন, মডার্ন ইউনিটের হারুন অর রশীদ ও কোতোয়ালী (দক্ষিণ) ইউনিট সভাপতি বাবুসহ জামায়াত-শিবিরের ১৭ নেতাকর্মীকে গ্রেফতার করেছে। সরকারি কাজে বাধা দান ও পুলিশকে মারধরের অভিযোগে পীরগাছা থানায় জামায়াত-শিবিরের ২শ’ নেতাকর্মীর নামে মামলা হয়েছে।