বা পে র প্র শ স্তি

তোমার তিনটি গাছ গাছের ছয়টি কচি পাতা বলছে তোমার নাম, তুমি নাকি তাদের বিধাতা তিনটি সমান গাছে কিভাবে রচনা করো তুমি একযোগে করুণার জাল। তৈরি রাখো গাঢ় জলাভূমি? এ নিপুণ প্রকৌশলে হয়তো বা মাঝে মাঝে কিছু ছেদ পড়ে। তখন ঘটতে থাকে উথাল পাতাল পানি ওঠে পাহাড় চূড়ায়, পর্বত আনত হয়ে নিচু জলাশয়ে সেজদা দেয়, মদ ছাড়ে প্রবীণ মাতাল তারপর আচম্বিত সব শেষ হয়, সব ফেরে নিজের স্বভাবে। ভোরের খবরে কেউ তোমাকে দোষে না। তোমার ছয়টি পাতা তখনো তাদের মাকে ছেড়ে তোমার প্রশস্তি গায়। বোঝে না যে, এই বাপ তাদের পোষে না। তোমার কাজের যতো ফাঁক কিংবা ফাঁকি আছে, জানো। তোমার পায়ের নিচে মাটি নেই যথাযোগ্য কাজ হবে এই তথ্য তোমার তিনটি গাছ গাছের ছয়টি কচি পাতাকে জানানো।