ম ধ্য রা তে র অ তি থি আ খ্যা ন

আমার কবিতারা উল্টো বর্ণে কুফুরি কালামের মতো চাঁদের রেকাবি জুড়ে লিখে দেওয়া প্রণয়ের অব্যর্থ তাবিজ। আমার কবিতারা শব্দের বনভূমি ছেড়ে শীতে বাঘের মতো বের হয়ে ওম ওম খেলা করা রৌদ্রের বিলাস। আমার কবিতারা দাঁড়িশূন্য বাক্যের সড়কের ধারে প্রকৃতির বিস্ময় এক কলার কাঁদির মতো চিরদিন উদ্যত স্বাধীন। আমার কবিতারা অর্বাচীনের ভিড় ঠেলে হঠাত্ স্মিতমুখে নিঃশব্দে নিজেকে জাহির করা অনন্য সতীন। আমার কবিতারা মধ্যরাতে কড়ানাড়া আলোর বিমের মতো অতিথি মহান; প্রত্যুষের বার্তাবাহক ত্রস্ত আসে ত্রস্ত্রে চলে যায়।