সিরিয়ায় মানবাধিকার পরিস্থিতি
শোচনীয় পর্যায়ের দিকে যাচ্ছে
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০১৩, ২১:০৪
শোচনীয় অবস্থার দিকে যাচ্ছে সিরিয়ার মানবাধিকার পরিস্থিতি। ক্রমেই মৃত্যু যেন আসন্ন হয়ে উঠেছে দেশটির জনগণের জন্য। এই মুহূর্তে দেশটির ৪০ লাখ লোকের সাহায্য-সহযোগিতার প্রয়োজন। দেশটির উত্তরাঞ্চলে যুদ্ধ পরিস্থিতি এতটাই তীব্র যে ত্রাণ তত্পরতা ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। যদিও অন্যান্য স্থানেও গৃহযুদ্ধ তীব্রতর হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, দেশটিতে টাইফয়েডের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জাতিসংঘ মানবাধিকার সংস্থার প্রধান সতর্ক করে এসব কথা জানান। এদিকে সিরিয়ার আলেপ্পোয় বিদ্রোহী নিয়ন্ত্রিত একটি এলাকায় সেনাবাহিনীর রকেট হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছে। নিখোঁজ হয়েছে আরো ২৫ জন। সরকার বিরোধী আন্দোলনকর্মীরা মঙ্গলবার একথা জানিয়েছে।
জাতিসংঘ মানবাধিকার সংস্থার প্রধান ভ্যালেরি আমোস বলেন, আমরা চোখের সামনে দেশটির মানবাধিকার পরিস্থিতির একটি বিয়োগান্তক দৃশ্য অনুধাবন করতে পারছি। ‘আমরা সিরিয়ার জনগণের জন্য যা কিছু সম্ভব সব করবো এবং তাদের দুঃসহ অবস্থায় ফেলে যাব না’ - দেশটির জনগণকে এমনটাই আশ্বস্ত করছি আমরা। তিনি আরো বলেন, সিরিয়ার বেশিরভাগ সীমান্ত বিরোধী দল ফ্রি সিরিয়ান আর্মির দখলে থাকলেও দেশটির উত্তরাঞ্চলে তুরস্ক সীমান্ত দিয়ে জাতিসংঘ সৈন্যদের প্রবেশে বাধা অব্যাহত আছে দেশটির সরকারের। যুদ্ধবিধ্বস্ত দেশটিতে অবিশুদ্ধ পানি খেয়ে টাইফয়েড ছড়িয়ে পড়েছে। এছাড়া ডেইর আজর অঞ্চলে ২,৫০০ মানুষ ডায়রিয়াসহ অন্যান্য মারাত্মক রোগে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে বিশ্ব সাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।