চিকিত্সা করাতে অস্ট্রেলিয়ায় সাকিব

জাতীয় দলের অলরাউন্ডার সাকিব আল হাসান ডান পায়ের শিন বোনের চিকিত্সা করাতে গতকাল বুধবার রাতে অস্ট্রেলিয়ায় গেছেন। আগামীকাল শুক্রবার অস্ট্রেলিয়ার সিডনিতে স্পোর্টস ফিজিশিয়ান স্কর্টবার্নকে দেখাবেন তিনি। সবকিছু ঠিক থাকলে ২৪ ফেব্রুয়ারির মধ্যে সাকিবের চূড়ান্ত রিপোর্ট পাওয়া যাবে বলে জানালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ডাক্তার দেবাশীষ চৌধুরী। ভিসা জটিলতার কারণে এর আগে সাকিবের অস্ট্রেলিয়া যাওয়া একদিন পিছিয়ে যায়। বাংলাদেশ দল শ্রীলংকা সফরে যাবে ২৮ ফেব্রুয়ারি। এর আগে সাকিব দলের সাথে যোগ দিতে পারবেন বলে আশাবাদী বিসিবির ডাক্তার। যদিও তার খেলার ব্যাপারে নিশ্চিত নন তিনি। এখানে সাকিবের ইনজুরির যে পরীক্ষা করা হয়েছে তাতে শ্রীলংকা সফরে তিনি খেলতে পারবেন। বিসিবির ডাক্তার বলেন, ‘সাকিবকে যদি চার সপ্তাহ টানা পুনর্বাসন প্রক্রিয়া করতে পারতাম তবে আমি বলতে পারতাম সে খেলতে পারবে। এখন অস্ট্রেলিয়ায় যাচ্ছে, এখানেও চার-পাঁচদিনের একটা গ্যাপ হচ্ছে। এখন কথা হচ্ছে, সাকিব স্ট্রেন্থ পাচ্ছে কতটুকু। তার উপর নির্ভর করবে তার খেলা না খেলার বিষয়টি’। উল্লেখ্য, ‘শিন বোনের’ ব্যথার কারণে গত বছর ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেননি সাকিব।