ওয়ালটন মহিলা ফুটবল লিগ মাঠে গড়াবে শনিবার

ঢাকা মহানগরী মহিলা ফুটবল লিগের গত আসরে মোহামেডান খেললেও অনুপস্থিত ছিল আবাহনী। আগামী শনিবার শুরু হতে যাওয়া এই লিগের দ্বিতীয় আসরে এবার দেশের ফুটবলের সেরা দল দু’টি অংশ নিলেও অনুপস্থিত প্রথম আসরের চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব। শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকাল চারটায় শুরু হবে লিগটি। উদ্বোধনী দিনে বর্তমান রানার্সআপ মোহামেডান খেলবে আরামবাগের বিরুদ্ধে। পরদিন একই মাঠে বিকেল চারটায় আবাহনী খেলবে যাত্রাবাড়ীর দল নাসরিন স্পোর্টস একাডেমির বিরুদ্ধে। প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচ, সেমিফাইনাল এবং ফাইনাল বিটিভি সরাসরি সম্প্রচার করবে। গত মৌসুমে খেলেছে পাঁচ দল। এবার খেলছে আট দল। দুই গ্রুপে থাকছে আবাহনী ও মোহামেডান। সঙ্গত কারণেই মহিলা ফুটবলারদের মধ্যে ভালো প্রতিদ্বন্দ্বিতা হবে বলে আশা করা হচ্ছে। এবার পুলিশ ফুটবল দলও খেলছে মহিলা লিগে। শুধু তাই নয়, গতবারের চেয়ে মহিলা খেলোয়াড়দের পারিশ্রমিকও বেড়েছে। বড় দলগুলোর খেলোয়াড়দের পারিশ্রমিক প্রায় লক্ষ টাকার কাছাকাছি। শিরোপাধারী শেখ জামাল দল না গড়লেও খেলোয়াড়রা ভাল পারিশ্রমিক পেতে যাচ্ছেন বলে জানা গেছে। দেশে প্রমীলা ফুটবলারের সংখ্যা কম বলে এবার মহিলা ফুটবল লিগ কমিটি বিদেশি খেলোয়াড় নেয়ার অনুমতি দেয়। তিনজন বিদেশি সেরা একাদশে খেলানো যাবে। কিন্তু এখনও কোনো দলই বিদেশি খেলোয়াড় রেজিস্ট্রেশন করায়নি বলে গতকাল লিগ কমিটি আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়েছে। আবাহনী খেলোয়াড় আনতে নেপাল ও ভারতে যোগাযোগ করেছিল। কিন্তু পায়নি। তবে আবাহনীর চেষ্টা থেমে নেই। কারণ ম্যাচের আগের দিনও নাম রেজিস্ট্রেশন করানো যাবে। বিদেশি খেলোয়াড় আনা গেলে লিগের জৌলুশও বাড়বে বলে মনে করছেন আয়োজকরা। ইলেক্ট্রনিকস সামগ্রি উত্পাদক প্রতিষ্ঠান আর বি গ্রুপ (ওয়ালটন) এবারো লিগটির পৃষ্ঠপোষকতা করছে। প্রায় পৌনে ছয় লাখ টাকার টুর্নামেন্টে ওয়ালটন দিচ্ছে সাড়ে চার লাখ টাকা। ওয়ালটন কর্মকর্তা ইকবাল বিন আনোয়ার জানিয়েছেন মহিলা ফুটবল লিগের জন্য বছরব্যাপী পরিকল্পনার প্রস্তাব দেয়া হলে তারা বিবেচনা করবেন। গতকাল দুপুরে বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে লোগো উন্মোচন করা হয়। মহিলা ফুটবল লিগ কমিটির চেয়ারম্যান সিরাজুল ইসলাম বাচ্চু বলেন, ‘আরো আগেই এই খেলা মাঠে গড়ানো যেত কিন্তু মাঠ না পাওয়ায় সেটা হয়নি।’ এতে লিগ কমিটির ডেপুটি চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ প্রতিযোগিতা সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরেন।