জনসম্পদের অপব্যবহার আর কতদিন?
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০১৩, ২১:১৮
জনগণের ট্যাক্স, জমিদারি শাসন আমলে বলা হতো খাজনা, বর্তমানে যাকে বলা হয় কর যা দিয়ে একটি দেশের শাসনব্যবস্থা পরিচালিত হয়। যে কোনো দেশের সার্বিক উন্নতির অন্যতম প্রধান শর্ত এটি। অথচ এত প্রয়োজনীয় বা গুরুত্বপূর্ণ যাই বলা হোক না কেন এর যে অপব্যবহার হচ্ছে তা চোখে না দেখলে বিশ্বাস করার মতো নয়। ধরা যাক পানি প্রকৃতির একটি মূল্যবান, যদিও এটি নবায়নযোগ্য—এ পানি বিশুদ্ধভাবে সবসময় আমরা হাতের কাছে পাই না। আর সেই উদ্দেশেই স্থাপিত হয়েছে ‘ওয়াসা’ এবং দেশের বিভিন্ন স্থানে রয়েছে পানি উন্নয়ন বোর্ড যা যা জনগণের টাকায় পরিচালিত হচ্ছে। পানি বিশুদ্ধ করতে ব্যয় হচ্ছে কোটি কোটি টাকা। কিন্তু তারপরও বিশুদ্ধ পানির যথাযথ ব্যবহার কি নিশ্চিত করতে পারছি? আজ যেখানে- সেখানে রাস্তার পাশে বসানো বিশুদ্ধ পানির কল থেকে অনবরত স্রোতের মতো পানি নালায় যাচ্ছে। নেই কোনো ট্যাপ। থাকলেও তা চুরি হয়ে যায়। নেই পানি ঠেকানোর অন্য বিকল্প ব্যবস্থা। বাংলাদেশের মতো এই দরিদ্র দেশে এত খরচের এই মূল্যবান পানি নষ্ট করার কি কোনো মানে হয়? এতো গেলো শুধু পানির কথা। আছে গ্যাস, বিদ্যুত্ এগুলোর মধ্যে গ্যাস তো অনবায়নযোগ্য। দেশের এই সীমিত সম্পদ বাড়ি বাড়ি পৌঁছে দেয়া হচ্ছে, যা থেকে তৈরি করা হচ্ছে বিদ্যুত্। অমূল্য প্রাকৃতিক গ্যাসের অভাবে আমরা শিল্পে বর্তমান বিশ্বের সমান হতে পারছি না। সেই গ্যাস পরিমিত ব্যবহারের জন্য আজও কি বাড়িতে বাড়িতে কোনো মিটার স্থাপিত হয়েছে? এসব বিষয়ে রাষ্ট্রের উদার দৃষ্টি কামনা করছি।
ফারিয়া তাসনিম লারা, কুমারপাড়া, সিলেট।