রাজশাহীতে বৃদ্ধের
লাশ উত্তোলন
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০১৩, ২১:২৭
রাজশাহী মহানগরীর কাঁঠালবাড়িয়া এলাকার দুই সহোদরের বিরুদ্ধে তাদের বৃদ্ধ পিতাকে হত্যার অভিযোগে আদালতে মামলা করেছেন অপর সহোদর। মামলার প্রেক্ষিতে রাজশাহীর চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের নির্দেশে ২৫ দিন পরে গত মঙ্গলবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজুর রহমানের উপস্থিতিতে মহানগরীর রাজপাড়া থানার শাহাজীপাড়া গোরস্থানের কবর থেকে বৃদ্ধ আব্দুল করিম মোল্লার লাশ উত্তোলন ও ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
মামলার বাদী হায়দার আলীর অভিযোগ, মায়ের সম্পত্তি আত্মসাত্ ও সম্পত্তি বিষয়ে তথ্যাদি গোপনের উদ্দেশ্যে তারই দুই সহোদর সইবুর রহমান ও আব্দুস সাত্তার এবং ভাবী সাজেদা খাতুন তাদের পিতা আব্দুল করিম মোল্লাকে শ্বাসরোধ অথবা বিষপ্রয়োগে হত্যার পর অপর দুইভাইকে না জানিয়ে তড়িঘড়ি লাশ দাফন করেছেন। অন্যদিকে আসামিপক্ষের দাবি, তাদের পরিকল্পিতভাবে ফাঁসিয়ে দিতে পিতাকে হত্যার মিথ্যা অভিযোগ তোলা হয়েছে। অথচ অভিযোগকারী হায়দার আলীসহ অপর দুই সহোদর ভাই কখনো পিতার খোঁজ-খবর রাখতেন না। জানা যায়, গত ২৫ জানুয়ারি ভোরে বার্ধক্যজনিত কারণে নগরীর কাঁঠালবাড়িয়ার আব্দুল করিম মোল্লা নিজ বাড়িতে মারা যান। ওইদিন বিকালে তার লাশ দাফন করা হয়। রাজপাড়া থানার উপ-পরিদর্শক (এস.আই) শরীফুল ইসলাম বলেন, লাশ উত্তোলনের পর সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করা যাবে না।