নেত্রকোনায় ইসলামী ব্যাংক
থেকে টাকা উঠানোর
হিড়িক
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০১৩, ২১:২৭
যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে দেশব্যাপী আন্দোলনে জামায়াত-শিবির পরিচালিত ব্যাংক বীমা প্রতিষ্ঠান বন্ধের দাবির প্রেক্ষিতে গত মঙ্গলবার ইসলামি ব্যাংক নেত্রকোনা শাখা থেকে দিনভর গ্রাহকরা তাদের আমানতের টাকাসহ এবং বিভিন্ন হিসাবে টাকা তুলে নেন। সকাল থেকে গ্রাহকদের টাকা উত্তোলনের হিড়িক পড়েছিল।
নেত্রকোনায় সোমবার আন্দোলনকারীরা ইসলামি ব্যাংকের কার্যক্রম বন্ধের দাবি জানায়। মঙ্গলবার জেলা শহরের ছোট বাজারে ইসলামি ব্যাংকে গ্রাহকদের ভিড় জমে। গ্রাহকরা তাদের সঞ্চিত টাকা, ডিপিএস, এফডিআর এর জমানো টাকা মেয়াদ পূর্তি হওয়ার আগেই উঠিয়ে নিচ্ছেন। দুপুরে ব্যাংকে গিয়ে গ্রাহকদের লম্বা লাইন দেখা যায়।
ইসলামি ব্যাংক নেত্রকোনা শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার মুহাম্মদ নাজমুল হক সাঈদীর সাথে কথা বললে তিনি জানান, মাঝে মধ্যে গ্রাহকদের ভিড় বেশি হয়। মঙ্গলবার ভিড় তার চাইতে একটু বেশি ছিল।