কুয়াকাটায় উত্তীর্ণ হয়েও নিয়োগ পাননি ৮ কর্মচারী

কুয়াকাটা পৌরসভায় কর্মচারি নিয়োগের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েও প্রায় আট মাস ধরে নিয়োগ বঞ্চিত রয়েছে যোগ্য প্রার্থীরা। দফায়-দফায় নিয়োগের সময় বৃদ্ধির পরও পৌর কর্তৃপক্ষের কারণে সম্পন্ন করতে পারছে না নিয়োগ প্রক্রিয়া। এতে করে চাকরি প্রার্থীদের মধ্যে দেখা দিয়েছে চরম হতাশা ও ক্ষোভ। জানা গেছে, কুয়াকাটা পৌরসভায় আটটি পদে কর্মচারি নিয়োগের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ছাড়পত্র চেয়ে আবেদন করে কর্তৃপক্ষ। ছাড়পত্র পেয়ে ২০১১ সালের ২২ নভেম্বর পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি দেয়। তত্কালীন পৌর প্রশাসকের অবহেলায় নির্ধারিত মেয়াদে নিয়োগ দিতে পারেনি। পুনরায় আবেদন করে ছাড়পত্রের মেয়াদ তিন মাস বৃদ্ধি করা হয়। এরপর গত বছরের ০১জুন লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে রোড রোলার চালক পদে তিনজন, টিকাদানকারী পুরুষ পদে দুইজন এবং মহিলা পদে দুইজন, এমএলএসএস পদে দুইজন উত্তীর্ণ হয়। হিসাবরক্ষক, সহকারী এ্যাসেসর, সহকারী কর নির্ধারক এবং নৈশপ্রহরী পদে সকল প্রার্থী লিখিত পরীক্ষায় অকৃতকার্য হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা তিনদিন পর অনুষ্ঠানের কথা থাকলেও তা অজ্ঞাত কারণে স্থগিত করা হয়। এ ব্যাপারে কুয়াকাটা পৌর প্রশাসক ও কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন জানান, দ্রুত জনবল নিয়োগের জন্য চেষ্টা করা হচ্ছে। নিয়োগ প্রক্রিয়া নিয়ে নতুন করে অভিযোগ দেয়ায় বিষয়টি জেলা প্রশাসক মহোদয়কে অবগত করা হয়েছে। তার নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।