বড়াইগ্রামে হস্তান্তরের আগেই
বিদ্যালয় ভবনে ফাটল
বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০১৩, ২১:২৯
নাটোরের বড়াইগ্রাম উপজেলার গোয়ালিফা কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের অর্ধকোটি টাকা ব্যয়ে নির্মিত একাডেমিক ভবন হস্তান্তরের আগেই দেয়ালে ফাটল দেখা দিয়েছে। এ ঘটনার প্রতিবাদে গত শুক্রবার এলাকাবাসী বিক্ষোভ মিছিল করে। তৃতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্পের আওতায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর গোয়ালিফা কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণের জন্য ৫১ লাখ ৪ হাজার টাকা বরাদ্দ দেয়। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের অধীনে মিজানুর রহমান কনষ্ট্রাকসন ভবনটি নির্মাণের দায়িত্ব পায়। বর্তমানে ভবনের নির্মাণ প্রায় শেষ পর্যায়ে। অল্প দিনের মধ্যেই ভবনটি স্কুল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর হবে। কিন্তু নির্মাণাধীন অবস্থায়ই ভবনটির পূর্ব ও উত্তর পাশের দেয়ালে ফাটল দেখা দিয়েছে। সামান্য আঘাতেই ভবনের প্লাস্টার খুলে পড়ছে। নিম্নমানের সামগ্রী দিয়ে অযত্ন-অবহেলার মধ্য দিয়ে কাজ করায় এমনটি ঘটেছে বলে অভিযোগ এলাকাবাসীর। ছাত্র অভিভাবক বাদশা মিয়া ও কফির উদ্দিন বলেন, নতুন ঘরেই ফাটল ধরেছে। ভবিষ্যতে এ থেকে যে বড় কোন দুর্ঘটনা ঘটবে তা বলা যায় না। ম্যানেজিং কমিটির সভাপতি ডা. হাবিবুর রহমান বলেন, নিম্নমানের সামগ্রী দিয়ে ভবনের কাজ করা হয়েছে। আমরা উপজেলা প্রকৌশলী ও ঠিকাদারের কাছে বার বার প্রতিবাদ করেছি। কিন্তু তারা কর্ণপাত করেননি। উপজেলা প্রকৌশলী শহিদুল ইসলাম নিম্নমানের কাজের অভিযোগ অস্বীকার করে বলেন, নিয়মমাফিক কাজ হয়েছে। যেটুকু ফাটল মনে হচ্ছে, তাতে বড় কোন সমস্যা হবে না।