খাদ্য নিরাপত্তাসহ নানা সমস্যা মোকাবিলা করতে হবে
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩০
জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশকে খাদ্য নিরাপত্তা ঝুঁকিসহ নানা সমস্যা মোকাবেলা করতে হবে। ২০৫০ সালের পর ধানসহ বিভিন্ন খাদ্য উত্পাদন কমতে থাকবে। এছাড়া ঘনঘন বৃষ্টি ও নাজুক বন্যা, বৃষ্টির খামখেয়ালিপনা, বিরূপ তাপমাত্রা, ঘূর্ণিঝড়, সমুদ্রের পানির উচ্চতা বাড়া, খরা, শীতের তীব্রতা ইত্যাদি সমস্যা এখনই মোকাবেলা করতে হচ্ছে।
বুধবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরাম (এফইজেবি) আয়োজিত এক গোলটেবিল বৈঠকের মূল প্রবন্ধে একথা বলা হয়। প্রবন্ধ উপস্থাপন করেন এফইজেবি-এর সভাপতি কামরুল ইসলাম চৌধুরী। বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ ও বনমন্ত্রী ড. হাছান মাহমুদ। আলোচনায় অংশ নেন পরিবেশ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব ড. মো. নাসিরউদ্দিন, আইইউসিএন-এর বাংলাদেশ প্রতিনিধি ইশতিয়াক উদ্দিন আহমেদ, জলবায়ু বিশেষজ্ঞ মোহাম্মদ রেজাউদ্দিনসহ অন্যরা।
মন্ত্রী তার বক্তব্যে বলেন, বাংলাদেশ এ পর্যন্ত তিন বিলিয়ন ডলার জলবায়ু মোকাবেলায় আন্তর্জাতিক সহায়তা পেয়েছে। আমাদের প্রয়োজনের তুলনায় এই অর্থ কম হলেও অন্য দেশের তুলনায় পরিমাণ ভাল। উন্নত দেশগুলোর বিলাসবহুল জীবনযাপনের কারণে জলবায়ুর পরিবর্তন হচ্ছে। আর আমরা সেই পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছি। জলবায়ু তহবিল খরচ করা বিষয়ে তিনি বলেন, কোন ভুল হলে তা শুধরে দিতে সমালোচনা প্রয়োজন। কিন্তু অকারণে ভুল প্রচার করা ঠিক নয়।