সেনবাগের স্কুলে কালো পতাকা উত্তোলনে বাধা
দুই শিবির কর্মী গ্রেফতার
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩১
নোয়াখালীর সেনবাগ উপজেলার জয়নগর উচ্চ বিদ্যালয়ে গত সোমবার কালো পতাকা উত্তোলনে বাধা ও প্রতিষ্ঠানে হামলা এবং শিক্ষকদেরকে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে দুই শিবির ক্যাডারকে গ্রেফতার করেছে পুলিশ । তারা হলেন, উপজেলার বীজবাগ ইউনিয়নের কাজিরখিল গ্রামের মো. মোস্তফার ছেলে এমরান হোসেন রিগান ও নুর আলমের ছেলে কামরুল হোসেন মোহন। স্কুল সূত্র ও পুলিশ জানায়, গত সোমবার জামায়াত-শিবিরের হরতাল চলাকালে শিবির ক্যাডার মাসুদের নেতৃত্বে ১৮/১৯জন স্কুলটিতে উপস্থিত হয়ে কালো পতাকা উত্তোলনে বাধা দেয় এবং প্রতিষ্ঠানে হামলা চালায়। এসময় তারা শিক্ষার্থী ও শিক্ষকদের ভয়ভীতি প্রদর্শন করে। এতে স্কুলে আতংক দেখা দেয়। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেদায়েত উল্যাহ আনোয়ার বাদী হয়ে ৭ জামায়াত-শিবির নেতাকর্মীর নাম উল্লেখসহ আরো ১০/১২জনকে আসামি করে সেনবাগ থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন। এরপরই পুলিশ রাতেই অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।