আন্দরকিল্লা শাহী জামে মসজিদ কমপ্লেক্স পুনঃনির্মাণে ১৪৭
কোটি টাকা দিবে কুয়েত
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩২
চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ কমপ্লেক্স পুনঃনির্মাণে কুয়েত সরকার বাংলাদেশ সরকারকে ১৪৭ কোটি টাকা অনুদান দেবে।
রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সাথে গতকাল বঙ্গভবনে কুয়েতের রাষ্ট্রদূত সাক্ষাত্ করে সে দেশের আমীর শেখ সাবাহ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি পত্র হস্তান্তর করেন।
এ মসজিদটি মোঘল আমলের ঐতিহাসিক স্থাপত্যের একটি অনন্য নিদর্শন। এই কমপ্লেক্সে দৃষ্টিনন্দন মসজিদসহ একটি বিশতলা টাওয়ার বিল্ডিং নির্মিত হবে। এই মসজিদে একসঙ্গে ১৫ হাজার লোক নামাজ আদায় করতে পারবেন।
কুয়েতের রাষ্ট্রদূত আলী আহমাদ ইব্রাহিম আল-দাফাইরী জানান, বাংলাদেশের জনগণের প্রতি কুয়েতের আমীরের গভীর ভালবাসা রয়েছে। এজন্যই তিনি আগামী ২৬ মার্চ বাংলাদেশের ৪২তম স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন।
রাষ্ট্রপতি এই বদান্যতার জন্য কুয়েতের আমীর শেখ সাবাহ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহকে আন্তরিক ধন্যবাদ জানান।