১৩ আসামি ও ৭ পুলিশ আহত
পিরোজপুরে প্রিজনভ্যান
দুর্ঘটনায় এক পুলিশ নিহত
পিরোজপুর অফিস ও মঠবাড়িয়া সংবাদদাতা
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩৩
গতকাল বুধবার সকালে পিরোজপুর থেকে মঠবাড়িয়া যাওয়ার পথে আট পুলিশ ও ১৩ কারাবন্দীবাহী একটি বাস দুর্ঘটনায় পতিত হলে এক পুলিশ মারা গেছেন। নিহত পুলিশ মোস্তফা কামাল (৪৪) মঠবাড়িয়া উপজেলা আদালতে কর্মরত ও ঝালকাঠী সদর উপজেলার বাসিন্দা। তিনি জেলা কারাগার থেকে বন্দী আসামিদের আদালতে হাজির করতে অন্য সহকর্মীদের সাথে মঠবাড়িয়ায় যাচ্ছিলেন। পিরোজপুর শহরতলীর ভাই জোড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে
প্রকাশ পুলিশের রিক্যুজিশন করা এ বাসটি ঘটনাস্থলে এসে ব্রেক ফেল করে এবং রাস্তার পাশে বাবুলের গোয়াল ঘর ভেঙ্গে বাগানের মধ্যে কাত হয়ে যায়। পুলিশ মোস্তফা বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। পুলিশ সদস্য প্রেমানন্দ ও আসামি নূরুল ইসলামের (৬০) জখম গুরুতর। দুর্ঘটনার পর পিরোজপুরের পুলিশ সুপার ঘটনাস্থলে যান। পিরোজপুর জেলা কারাধ্যক্ষ আব্দুল কুদ্দুস জানান, সকালে জেল গেট থেকে ১৩ আসামিকে মঠবাড়িয়া উপজেলা আদালতে হাজির করার জন্য কোর্ট পুলিশ নিয়ে যায়। আসামিরা ডান্ডাবেড়ী ও হ্যান্ডকাপ পরা ছিল।