বাড্ডায় ওলামা মাশায়েখের ১০ কর্মী আটক
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০১৩, ২২:০৭
রাজধানীর বাড্ডায় বিক্ষোভ মিছিল করার চেষ্টাকালে ওলামা মাশায়েখ পরিষদের ১০ কর্মীকে আটক করেছে পুলিশ। ব্লগে ইসলাম বিরোধী প্রচারণার বিরুদ্ধে গতকাল বুধবার কয়েকটি ইসলামিক সংগঠনের বিক্ষোভ মিছিলের কর্মসূচি ছিল। এর অংশ হিসাবে ওলামা মাশায়েখ পরিষদ বাড্ডায় মিছিল করতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে। ঘটনাস্থল থেকে ১০ কর্মীকে আটক করে পুলিশ। দায়িত্বরত পুলিশ সদস্যরা জানান, ইসলামী সংগঠনগুলোর কর্মসূচি মূলত বায়তুল মোকাররমে। রাজধানীর অন্য কোথাও তাদের কোনো কর্মসূচি ছিলো না। তাই মিছিলের চেষ্টাকারীদের আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
প্রসঙ্গত, ব্লগে ইসলাম বিরোধী প্রচারণা ও হযরত মুহাম্মদকে (স.) কটূক্তি করা হয়েছে এমন অভিযোগ তুলে এর প্রতিবাদে গতকাল বুধবার বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় ইসলামী সমমনা কয়েকটি দল ও সংগঠন।