যে সরকার মায়ের কান্না শুনে না তার ক্ষমতায় থাকার অধিকার নেই
বিশ্বনাথ (সিলেট) সংবাদদাতা
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০১৩, ২২:০৯
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বলেছেন, আওয়ামী লীগ সরকার বিশ্বের সবচেয়ে ব্যর্থ সরকার। একজন মায়ের অধিকার আছে তার সন্তান কোথায় আছে তা জানার। এই অধিকার থেকে সরকার সাহসী রাজনীতিক এম. ইলিয়াস আলীর মাকে বঞ্চিত করেছে। যে সরকার মায়ের কান্না শুনে না সে সরকারের ক্ষমতায় থাকার অধিকার নেই। তিনি গতকাল বুধবার দুপুরে সিলেটের বিশ্বনাথের অলংকারী ইউনিয়নে রামধানা গ্রামের বাড়িতে বিএনপি’র নিখোঁজ নেতা ইলিয়াসের মা সুর্যবান বিবিকে দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন।
কাদের সিদ্দিকী বলেন, আমার বিশ্বাস ইলিয়াস আলী এখনো জীবিত আছেন। এই সরকারের একটি বাহিনী তাকে গুম করে রেখেছে। মায়ের বুকে ছেলেকে ফিরিয়ে দেয়ার জন্য আমি আবারো সরকারের প্রতি দাবি জানাই।