হঠাত্ কুয়াশার বিপত্তিতে ফেরি দৌলতদিয়ায় দীর্ঘ যানজট
গোয়ালন্দ রাজবাড়ী সংবাদদাতা
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০১৩, ২২:০৯
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে গত দুইদিন ধরে যানজট দেখা দিয়েছে। গতকাল বুধবার দুপুর পর্যন্ত চার কিলোমিটার লম্বা দুই-তিন সারি যানবাহন ছিল। বেলা বাড়ার সাথে সাথে যানবাহনের সারি আরো দীর্ঘ হতে থাকে। বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, হঠাত্ কুয়াশায় গত মঙ্গলবার ভোররাত সাড়ে তিনটা থেকে সকাল নয়টা পর্যন্ত ফেরি, লঞ্চ চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া-পাটুরিয়ায় যানজট দেখা দেয়। এদিকে মঙ্গলবার বিশ্ব জাকের মঞ্জিলের বাত্সরিক ওরস শেষে দুপুরের পর ওরস ফেরত শত শত বাসসহ অন্যান্য গাড়ি ঘাটে পৌঁছলে যানবাহনের সারি আরো দীর্ঘ হতে থাকে।
গতকাল ঘাটে দেখা যায়, ঘাট থেকে মহাসড়কের চারলেন অংশের চার কিলোমিটার জুড়েই বাস ও ট্রাকের দুই-তিন সারি যানজট লেগে আছে। বেনাপোল থেকে ট্রাক (মাগুরা-ট-১১-০০৪৩) পিঁয়াজ বোঝাই করে চালক জাহিদুল ইসলাম যাচ্ছিলেন ঢাকায়। তিনি জানান, রাত ৩টায় ঘাট থেকে ৫ কিলোমিটার দূরে গোয়ালন্দের কাছে লম্বা সারির সিরিয়ালে আটকা পড়েন। দুপুর বারোটার দিকে তাদের ট্রাকটি ঘাট থেকে তিন কিলোমিটার দূরে ক্যানেল ঘাটের কাছে আসে। তিনি জানান, সারারাত পার করার পর সারা দিনও মনে হচ্ছে চলে যাবে। ।
এদিকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ১১টি ফেরির স্থলে গত তিনদিন ধরে কে-টাইপ ফেরি কপোতি যান্ত্রিক ক্রটির কারণে বিকল হয়ে মধুমতিতে রয়েছে। বর্তমানে ২টি কে-টাইপ ও ৮টি রোরো ফেরি চলাচল করছে। এর মধ্যেও প্রতিদিন কোনো না কোনো ফেরি নিয়মিত মেরামতের জন্য ভাসমান কারখানায় বসে থাকতে হয়।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহাকারী মহা-ব্যবস্থাপক মো. জিল্লুর রহমান জানান, মঙ্গলবার কুয়াশার কারণে বেশ কয়েক ঘণ্টা ফেরি বন্ধ ছিল। একই সাথে দুপুরের পর থেকে আটরশির ওরসের অতিরিক্ত কয়েকশ গাড়ি ঘাটে পৌঁছায় ব্যাপক চাপ সৃষ্টি হয়। একটি ছোট ফেরি তিনদিন ধরে বন্ধ রয়েছে। এছাড়া প্রতিদিনের নিয়মিত গাড়িতো রয়েছে। এসব কারণে ঘাটে চাপ পড়েছে।