রাজধানীতে আর্টিক্যুলেটেড বাস সার্ভিসের উদ্বোধন
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০১৩, ২২:১২
দেশে প্রথমবারের মতো চালু হলো আর্টিকুলেটেড বাস সার্ভিস। যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের গতকাল বুধবার সকালে ঢাকা মহানগরীর ফার্মগেটে আর্টিকুলেটেড বাস সার্ভিস উদ্বোধন করেন। এ সময় তিনি টিকেট কেটে ফার্মগেট থেকে আর্টিকুলেটেড বাসে বনানী সেতু ভবন পর্যন্ত ভ্রমণ করেন।
আর্টিকুলেটেড বাস সার্ভিস উদ্বোধনকালে মন্ত্রী বলেন, ঢাকা মহানগরীতে যাত্রীসাধারণের পরিবহন সংকট দূরীকরণে এ বাস সেবা কিছুটা হলেও ভূমিকা রাখবে। জনগণের সম্পত্তি বিআরটিসি’র মূল্যবান গাড়িগুলো যেন হরতাল, আন্দোলন, অবরোধে রাজনীতির টার্গেট না হয় সেজন্য তিনি সকলের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, এগুলো রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব।
মন্ত্রী জানান, ঢাকা মহানগরীতে প্রাথমিকভাবে আর্টিকুলেটেড বাস সার্ভিস চালু হলেও তা পর্যায়ক্রমে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল ও রংপুরে চালু হবে।