ধর্ম নিয়ে ব্লগে যারা লিখছেন, তাদের ফাঁসির দাবিতে মঞ্চ দরকার

গতকাল রাজধানীতে বিএনপির আলোচনা সভায় নেতারা বলেছেন, যারা ধর্ম নিয়ে ব্লগে লিখছেন তাদের ফাঁসির দাবিতে একটি মঞ্চ তৈরি করা দরকার। একদিকে শাহবাগে এক দলের জন্য ফাঁসির দাবিতে আন্দোলন চলছে, অন্যদিকে ব্লগারদের ফাঁসির দাবিতে আন্দোলন চলছে। বিএনপি কোন দিকে যাবে? মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এই আলোচনাসভার আয়োজন করা হয়। এতে সভাপতির বক্তৃতায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার ব্যর্থতা ঢাকতে ভেলকিবাজি শুরু করেছে। কোনো ভেলকিতে কাজ হবে না। সভায় প্রধান অতিথি ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেন, বিশেষ অতিথি ছিলেন স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। সাংবাদিক শফিক রেহমান, মির্জা আব্বাস, সাদেক হোসেন খোকা প্রমুখ বক্তৃতা করেন। ড. খন্দকার মোশাররফ বলেন, দেশে এখন নানা সংকট বিরাজ করছে। এই সংকটকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য সরকার নানা ছলছাতুরি করছে। তত্ত্বাবধায়ক সরকারের দাবিকে ধামাচাপা দিয়ে অন্য নাটক সাজাতে চায়। আওয়ামী লীগ যদি একদলীয়ভাবে নির্বাচন করতে চায় তাহলে তাদের অতীতের চেয়েও করুণ পরিণতি হবে বলে হঁশিয়ারি উচ্চারণ করেন ব্যারিস্টার মওদুদ আহমদ। শফিক রেহমান শাহবাগের মতো কারো ফাঁসির দাবিতে পৃথিবীতে কোনো আন্দোলন হয়নি দাবি করে বলেন, আন্দোলনে বিএনপি নেতাদের একাত্মতা প্রকাশ করা উচিত হয়নি। আমি এর বিরোধিতা করছি। কারণ ফাঁসির দাবিতে আন্দোলন হয় না। তিনি ব্লগারদেরও সমালোচনা করে বলেন, তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম ও সৃষ্টিকর্তাকে কটাক্ষ করে যা লিখেছে তা ক্ষমা করা যায় না। মির্জা আব্বাস বলেন, যারা ধর্ম নিয়ে ব্লগে লিখছেন তাদের ফাঁসির দাবিতে একটি মঞ্চ তৈরি করা দরকার। সাদেক হোসেন খোকা বলেছেন, ধর্মের বিরুদ্ধে কেউ দাঁড়ালে বিএনপির উচিত হবে এ হীন ষড়যন্ত্রের বিরুদ্ধে অবস্থান নেয়া।