একুশের প্রথম প্রহর
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০১৩, ০১:১৯
পরম শ্রদ্ধা ও ভালবাসায় ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাল জাতি। একুশের প্রথম প্রহরে জনতার হূদয় উত্সারিত স্পর্শে, খালি পায়ে আসা মানুষের পদভারে জেগে উঠে স্মৃতির শহীদ মিনার। একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাদের পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় এ বছরের শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের আয়োজন। রাত ১২টা ১ মিনিটে পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী আদর্শ বাংলা ফন্ট আমার বর্ণমালা উদ্বোধন করেন।
রাজনীতিক, শিক্ষাবিদ, শিক্ষক, কূটনীতিক, সাংস্কৃতিক কর্মীসহ সর্বস্তরের মানুষ শূন্যপদে, ভাষার গান গেয়ে উপস্থিত হন শহীদ মিনার প্রাঙ্গণে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে বর্ণিল আলপনা আঁকা শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রের শীর্ষ ব্যক্তি থেকে শুরু করে সাধারণ মানুষ। মর্যাদাপূর্ণ ও প্রীতিময় পরিবেশে অগণিত মানুষের ভালবাসার অর্ঘ্যে ভরে ওঠে স্মৃতির মিনারের বেদিমূল।
এর পর পরই পুষ্পস্তবক অর্পণ করেন স্পিকার আব্দুল হামিদ। পরে পুষ্পস্তবক অর্পণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। এর পর পুষ্পস্তবক অর্পণ করেন ডেপুটি স্পিকার কর্নেল (অব.) শওকত আলী, চিফ হুইপ উপাধ্যক্ষ আবদুস শহীদ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, বস্ত্র ও পাট মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, পরিকল্পনামন্ত্রী এয়ার ভাইস মার্শল (অব.) একে খন্দকার, পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর, ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা, নৌ মন্ত্রী শাজাহান খান, দফতরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্ত, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক উপদেষ্টা গওহর রিজভী, বিদ্যুত্ ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী সাহারা খাতুনসহ মন্ত্রী সভার সদস্যগণ। এরপর এটর্নি জেনারেল মাহবুব-এ আলম, সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভুঁইয়া, বিমানবাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল এনামুল বারী, নৌবাহিনী প্রধান রিয়ার এডমিরাল হাবিব, আইজিপি হাসান মাহমুদ খন্দকার পুষ্পস্তবক অর্পণ করেন। বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন ড. আর এ গনি ও খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, যুগ্ম সম্পাদন আমান উল্লাহ আমান, রুহুল কবির রিজভী, মির্জা আব্বাস, এডভোকেট মাহবুব উদ্দিন খোকন। আরো পুষ্পস্তবক অর্পণ করে আওয়ামী লীগ, বিএনপি, বাংলাদেশে অবস্থানরত বিদেশি কূটনীতিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ও সিনেট সদস্য, সেক্টর কমান্ডার্স ফোরাম, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, জাতীয় পার্টি (জেপি), বাংলা একাডেমী, শিল্পকলা একাডেমী, জাতীয় বিশ্ববিদ্যালয়, ছাত্রলীগ, ছাত্রদল, জাসদ ছাত্রলীগ, জাতীয় প্রেসক্লাব, বাসদ, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট, ছাত্র ফেডারেশন, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। শাহবাগের গণজাগরণ মঞ্চের প্রতিনিধিরাও পুষ্পস্তবক অর্পণ করেন।