নেইমারকে পেলের পরামর্শ!
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০১৩, ২০:১৮
তাকে নিয়ে ইউরোপিয়ান দলগুলোর আগ্রহ বেশ কিছুদিন ধরেই। এদের মধ্যে আছে ম্যানচেস্টার সিটি ও বার্সেলোনার মতো দলগুলো। তবে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে মনে করেন ম্যানচেস্টার সিটির চেয়ে নেইমারের জন্য বার্সেলোনা দলে যাওয়াই ভালো হবে। আর ফুটবলের দিকে আরো মনোযোগ দেয়ার ব্যাপারে নিজের উত্তরসূরিকে পরামর্শও দিলেন পেলে।
গত মঙ্গলবার সংবাদ মাধ্যম স্পোর্টস মেইল দাবি করে, নেইমারকে পেতে ম্যানচেস্টার সিটি ৫৫ মিলিয়ন ডলার খরচ করতে রাজি আছে। তবে ২১ বছর বয়সী নেইমারকে ইংলিশ কোন দলে দেখতে চান না পেলে। তিনি বলেন, ‘ইংল্যান্ড, জার্মানি ও ইটালিতে যে ধরনের ফুটবল খেলা হয় তার সাথে মানিয়ে নিতে নেইমারের সময় লাগবে। সেদিক দিয়ে বার্সেলোনা দলে নেইমারের অনেক সুবিধা হবে। তাই আমার মতে নেইমারের বার্সেলোনায় যাওয়াই উত্তম।’ পেলে এটাও মনে করেন যে এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়দের একজন নেইমার। আর নিজের যোগ্যতা বলেই সে ব্রাজিল দলে নিজেকে প্রমাণ করেছে। তবে নেইমার অতিমাত্রায় মিডিয়া আসক্তিকে একদমই পছন্দ করছেন না পেলে। তিনি বলেন, ‘আমাদের সবাই নেইমারের ওপর বিশ্বাস রাখছি। সে বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন। তবে মাঠের খেলার চেয়ে সে মিডিয়ার ব্যাপারে বেশি উত্সাহী। নেইমারের মনে রাখতে হবে এই মুহূর্তে তার ওপর অনেক দায়িত্ব। তবে আমার মনে হয় এখন সে ফ্যাশন ও চুলের স্টাইল নিয়েই বেশি আগ্রহী।’
তবে পেলে আরো বলেন যে স্যান্তোসের জন্য নেইমার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই স্যান্তোসও চাইবে না এখনই তাকে হারাতে। পেলে বলেন, ‘স্যান্তোসের এই মুহূর্তে নেইমারকে খুবই দরকার। আর নেইমারেরও আরো কিছুদিন ব্রাজিলে কাটানো উচিত। নেইমার সেরামানের একজন খেলোয়াড়। তবে সমস্যা হল ব্রাজিলের বাইরে খেলার তার খুব বেশি অভিজ্ঞতা নেই। যে কয়টি ম্যাচ সে ব্রাজিলের বাইরে খেলেছে সেই ম্যাচগুলোতে সে বলার মতো কোন পারফরমেন্স দেখাতে পারেনি। সবাই মনে করে নেইমার চাইলেই জাতীয় দলের সব সমস্যা কাটিয়ে তুলতে পারে। তবে এটা মনে করার কোন কারণ নেই। এতো ঝামেলা কাঁধে নেয়ার মত বয়স এখনো তার হয়নি।’
পেলের বক্তব্যকে প্রত্যাখ্যান করেছেন নেইমারের এজেন্ট ওয়াগনার রিবেইরো। তার মতে, ‘হিংসা’ থেকেই এমনটা করেছেন পেলে। গ্লোবোস্পোর্টেকে তিনি বলেন, ‘পেলের এখন নেইমারের ব্যাপারে কথা বলা বাদ দিয়ে তার নাতির সাথে সময় কাটানো উচিত। তিনি যা করছেন সেটা হিংসা থেকে করছেন। এখন নেইমার যে মানের খেলোয়াড় তাতে পেলে এই সময়ের খেলোয়াড়দের একজন হলে তিনি নেইমারের সাথে পেরে উঠতেন না। তার সময় ডিফেন্ডাররা অনেক ধীরগতিতে খেলতো। তাই সেই সময় এখন আর নেই।’
তাহলে কি এবার জমে উঠলো নেইমার-পেলে লড়াই?