সংবাদ কণিকা
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০১৩, ২০:২০
জামিন পেলেন ইমকং
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য নাগাল্যান্ডের পদত্যাগী স্বরাষ্ট্রমন্ত্রী ইমকং এল. ইমচেন জামিন পেয়েছেন। অবৈধ টাকা ও আগ্নেয়াস্ত্র নিয়ে যাওয়ার অভিযোগে গত সোমবার তাকে গ্রেফতার করা হয়। শারীরিক অসুস্থতার কারণে বুধবার ওকাহ জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে তার জামিনের আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করে । উল্লেখ্য, ইমকংকে তার নির্বাচনী এলাকা মোকোকচাং জেলার করিডাঙ্গায় যাওয়ার পথে আসাম রাইফেল ওইদিন তাকে গ্রেফতার করে। সে সময় তার গাড়ি তল্লাশি চালিয়ে ১ কোটি ১০ লাখ রুপিসহ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। এরপর তাকে জেলা প্রশাসন ও পুলিশের কাছে হস্তান্তর করা হয়। - জিনিউজ
গ্রহাণুর পতনে বদলেছে পৃথিবী
গ্রহাণুর ধাক্কায় বদলে গেছে পৃথিবীর মুখ। কুইন্সল্যান্ড বিশ্ব-বিদ্যালয় ও অস্ট্রেলিয়ার জাতীয় বিশ্ববিদ্যালয়ের গবেষণা রিপোর্টে উঠে এসেছে এই তথ্য। নতুন এই পর্যবেক্ষণে বলা হয়েছে, প্রায় ৩০ কোটি বছর আগে ২০ কিলোমিটার চওড়া একটি গ্রহাণু অস্ট্রেলিয়া অঞ্চলে আছড়ে পড়ে, যার প্রভাবে বদলে গেছে পৃথিবী। গ্রহাণু পতনের পর ঠাণ্ডা গরমে প্রায় ৩০ হাজার বর্গকিলোমিটার এলাকার আকৃতি বদলে গেছে। মাটি খুঁড়ে যে কোয়ার্টজ পাওয়া গেছে তা বিশ্লেষণ করেই এমন সিদ্ধান্তে এসেছেন গবেষকরা। -পিটিআই
জাপানে ৩ বন্দীর ফাঁসি কার্যকর
জাপানে তিন বন্দীর মৃত্যুদণ্ড কার্যকর হয়া হয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী শিনঝো আবের সময় এই প্রথম কোন মৃত্যুদণ্ড কার্যকর করা হলো। বৃহস্পতিবার খুব ভোরে এই মৃত্যুদণ্ড দেয়া হয়। দেশটির বিচারমন্ত্রী বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রত্যেককেই হত্যার দায়ে দোষী সাব্যস্ত করা হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন:কারু কোবায়েশি (৪৪), মাশাহিরো ক্যানাগাওয়া (২৯), কেইকো মুতো (৬২) । প্রসঙ্গত, জাপান কয়েকটি শিল্পোন্নত দেশগুলোর মধ্যে একটি যেখানে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। তবে মানবাধিকার সংগঠনগুলো বলছে, দেশটিতে যে প্রক্রিয়ায় এই দণ্ড কার্যকর করা হয়, তা অমানবিক। -বিবিসি