উত্তর কোরীয় ‘বীরদের’ পুরস্কার দেয়া হচ্ছে

উত্তর কোরিয়া তাদের সামপ্রতিক পরমাণু অস্ত্রের পরীক্ষা চালানোর পেছনে অবদান রাখা বিজ্ঞানী ও কর্মীদের পুরষ্কৃত করতে যাচ্ছে। এক্ষেত্রে প্রতীকী পুরস্কার হিসেবে সর্বোচ্চ সুযোগ-সুবিধাসহ তারা পিয়ংইয়ং সফরের সুযোগ পাচ্ছেন। বুধবার কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানায়, গত ১২ ফেব্রুয়ারি পরমাণু অস্ত্রের পরীক্ষা চালানোয় অবদান রাখা বিজ্ঞানী, প্রকৌশলী, কর্মী ও সরকারি কর্মকর্তারা ক্ষমতাসীন ওয়ার্কার্স পাটির বিশেষ অতিথি হিসেবে রাজধানী পিয়ংইয়ং সফর করবেন। ওই বার্তা সংস্থার খবরে বলা হয়, ‘তারা পিয়ংইয়ংয়ে অত্যন্ত আনন্দমুখর দিন কাটাবেন এবং সর্বোচ্চ সুযোগ-সুবিধা ভোগ করবেন।’ দলটি সানের কুমসুসনি প্রাসাদও পরিদর্শন করবেন। উল্লেখ্য, এই প্রাসাদে উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল-সুং ও তার পুত্র ও সাবেক নেতা কিম জং-ইলের মরদেহ রাখা হয়েছে। উত্তর কোরিয়ার তৃতীয় পরমাণু পরীক্ষা এ যাবত্কালের মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিল।