সিরিয়ায় উভয়পক্ষকে সংলাপে বসার আহ্বান রাশিয়ার
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০১৩, ২০:২১
সিরিয়ায় সরকারি বাহিনী এবং বিদ্রোহীদের সাময়িক যুদ্ধবিরতি দিয়ে সংলাপে বসার আহবান জানিয়েছে রাশিয়া। বুধবার মস্কোতে আরব লিগের প্রধান নাবিল এল-আরাবিসহ আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক শেষে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এ কথা বলেন। এদিকে, সিরিয়ার বিদ্রোহী বাহিনীর প্রধান কমান্ড সেন্টারে বুধবার ক্ষেপণাস্ত্র হামলায় এক বিদ্রোহী কমান্ডার আহত হয়েছে।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী লাভরভ বলেন, সিরিয়ার সরকার ও বিরোধীদের সরাসরি সংলাপে বসানোই ক্রেমলিন ও আরব লীগের এখনকার প্রধান কাজ। চলমান প্রাণঘাতী সংঘাতকে গন্তব্যহীন উল্লেখ করে লাভরভ মন্তব্য করেন, এ গৃহযুদ্ধ বন্ধে আলোচনার টেবিলই একমাত্র পথ।
জানা গেছে, চলমান সঙ্কট নিরসনে মিসরে দু’দিনের এক বৈঠকে বসতে যাচ্ছে সিরিয়ার বিরোধী জোট। এই প্রেক্ষাপটে এ ধরনের প্রস্তাব দিল প্রেসিডেন্ট বাশার আল-আসাদের নেতৃত্বাধীন সিরিয়া সরকারের ঘনিষ্ঠ মিত্র রাশিয়া। তবে গৃহযুদ্ধ বন্ধে এর আগে বেশ কয়েকবার শর্তযুক্ত আলোচনার প্রস্তাব পাল্টাপাল্টি উত্থাপন ও প্রত্যাখ্যান করা হয়েছে। জাতিসংঘের হিসেব মতে, ২০১১ সালে মার্চে শুরু হওয়া সরকারবিরোধী সশস্ত্র আন্দোলনে সিরিয়ায় এখন পর্যন্ত ৭০ হাজার লোক নিহত হয়েছে।