হিলি স্থলবন্দরে লক্ষ্যমাত্রার বেশি রাজস্ব আদায়
স্টাফ রিপোর্টার, দিনাজপুর
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০১৩, ২০:২৬
চলতি ২০১২-২০১৩ অর্থবছরের সাত মাসে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দরে লক্ষ্যমাত্রার বিপরীতে ৯৭ কোটি ৭৪ লাখ টাকার অতিরিক্ত রাজস্ব আদায় হয়েছে। এই সময়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ৩১ কোটি ৫৪ লাখ টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেয়।
বন্দরের কাস্টমস কার্যালয় সূত্রে জানা গেছে,এনবিআর ২০১২-২০১৩ অর্থবছরের জন্য হিলি স্থলবন্দরকে মাসওয়ারি হিসেবে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। সে অনুযায়ী গত জুলাই/১২ থেকে জানুয়ারি/১৩ইং পর্যন্ত এই সাত মাসে রাজস্ব আদায় হয় ১২৯ কোটি ২৮ লাখ ১৪ হাজার ৯শ’ ৮৪ টাকা।
কাস্টমস কার্যালয়ের কর্মকর্তারা জানান, বর্তমানে এ বন্দর দিয়ে ভারত থেকে প্রতিদিন পেঁয়াজ, তাজা ফলমুল, কাঁচা ও শুঁটকি মাছ, ভুট্টা, খৈল, ডাল, ভূসি, পান, আদা, কসমেটিক্স আইটেম, সাইকেল পার্টসসহ বিভিন্ন পণ্যাদি আমদানি হয়ে দেশে আসছে। অন্যদিকে এদেশ থেকে চিটাগুড় ভারতে রপ্তানি করা হচ্ছে।
বন্দরের বেসরকারি অপারেটর পানামা হিলি পোর্টের ব্যবস্থাপনা পরিচালক অনন্ত কুমার চক্রবর্তী (নেপাল) বলেন, ২০০১ সাল থেকে এই বন্দর দিয়ে রেডিও এবং টেলিভিশনের যন্ত্রাংশ, ডুপ্লেক্স বোর্ড, নিউজ প্রিন্ট, ফরমিকা সীট, ক্রাফট পেপার, সিগারেট পেপারসহ সকল প্রকার পেপার, সুতা, জুস ও গুঁড়োদুধ আমদানিতে নিষেধাজ্ঞা রয়েছে। এসব পণ্যের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলে সরকারের রাজস্ব আরও বাড়বে বলে তিনি জানান।
এদিকে বন্দরের কাস্টমস সহকারী কমিশনার সৈয়দ হুমায়ুন আখতার জানান, আগের চেয়ে ব্যবসায়ীরা এই বন্দর দিয়ে ভারত থেকে বেশি পরিমাণে পণ্য আমদানি করছেন। তাছাড়া বিভিন্ন সময়ে অন্য বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ হয়ে পড়লে এই বন্দর দিয়ে আমদানি-রপ্তানি হয়ে থাকে। সমপ্রতি কাঁচাফলের উপর রাজস্ব বাড়ানো হয়েছে। আর এসব কারণে সরকারের রাজস্ব বেড়েছে।