বরিশাল প্রেসক্লাবের ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৫৩
ঐতিহ্যবাহী বরিশাল প্রেসক্লাবের ব্যাডমিন্টন, ক্যারম ও দাবা প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী বুধবার রাতে আনন্দঘন অনুষ্ঠানের মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে। ব্যাডমিন্টনে বরিশাল প্রতিদিনকে হারিয়ে দৈনিক শাহনামা চ্যাম্পিয়ন হয়। ক্যারম প্রতিযোগিতায় এককে বীরেন্দ্র নাথ সমদ্দার চ্যাম্পিয়ন ও কাজী-আল মামুন রানার আপ হন। ক্যারম দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছেন জিয়া শাহীন-দেবাশীষ চক্রবর্তী এবং রানার্স আপ হয়েছেন আযাদ আলাউদ্দিন-আরেফিন তুষার। দাবায় দেবাশীষ চক্রবর্তীকে হারিয়ে নয়ন চ্যাম্পিয়ন হয়েছেন। চ্যাম্পিয়ান ও রার্নাসআপ সহ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান সিটি মেয়র শওকত হোসেন হিরন। এতে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার এহসান উল্লাহ, দৈনিক দক্ষিণাঞ্চলের প্রকাশক ডাঃ আনোয়ার হোসেন। প্রেসক্লাব সভাপতি মানবেন্দ্র বটব্যালের সভাপতিত্বে বক্তৃতা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লিটন বাশার ও ক্রীড়া সম্পাদক বেলায়েত বাবলু। অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষাবিদ ইতিহাসবিদ ড. সিরাজ উদ্দীন আহমেদ, বরিশাল প্রতিদিনের সম্পাদক কাজী মফিজুল ইসলাম, দৈনিক মতবাদের নির্বাহী সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, দৈনিক দক্ষিণাঞ্চলের সম্পাদক এসএম ইকবাল, দৈনিক শাহনামার সম্পাদক কাজী আবুল কালাম আজাদ, চ্যানেল আই’র বিভাগীয় প্রতিনিধি শাহীনা আজমীন, আজকালের সহকারী সম্পাদক প্রেসক্লাবের সহ-সভাপতি এমএম আমজাদ হোসাইন, মহানগর ছাত্রলীগের সভাপতি জসিমউদ্দিনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সিটি মেয়র সাংবাদিকদের খেলাধুলার মানোন্নয়নে তার ব্যক্তিগত তহবিল থেকে ৫০ হাজার টাকার অনুদান ঘোষণা করেন। তিনি একই সাথে বরিশালের ক্রীড়াঙ্গনের উন্নয়নে সাংবাদিকদের আরো বলিষ্ঠ ভূমিকা রাখার আহবান জানান সিটি মেয়র।