ওয়ার্ল্ড হকি লিগ
বাংলাদেশ হারালো ওমানকে
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০১৩, ২১:১০
ওয়ার্ল্ড হকি লিগে বাংলাদেশ যাদের বিরুদ্ধে ম্যাচ জিতবে বলে হিসাব করেছিল, সেই তালিকায় ছিল ওমান। কারণ ওমানকে বহুবার হারানোর অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশের হকি খেলোয়াড়দের। সেই পরিসংখ্যানের বিচারে গতকাল ধ্যানচাঁদ স্টেডিয়ামের মাঠে নামলেও বাংলাদেশকে গোল পেতে অপেক্ষা করতে হয়েছে। কারণ একটা ভয়ও কাজ করছিল র্যাংকিংয়ের হিসাব করলে। বাংলাদেশের র্যাংকিং ৪০ আর ওমানের ৩৬। সব হিসাব বাদ দিয়েও গতকাল বাংলাদেশ ৪-১ গোলে ওমানকে হারিয়েছে। গতকালের দ্বিতীয় জয়ে তিন খেলায় ছয় পয়েন্ট জমা করল বাংলাদেশ। আগের দিন বুধবার রাতে বাংলাদেশ অপ্রত্যাশিত ভাবে ৩-২ গোলে চীনকে হারায়। তারও আগে প্রথম ম্যাচে বাংলাদেশ ২-৫ গোলে আয়ারল্যান্ডের বিরুদ্ধে হেরেছিল।
গতকাল তৃতীয় ম্যাচে ওমানের বিরুদ্ধে ম্যাচে গোল বের করতে অনেক অপেক্ষা করতে হয়েছে কোচ হারুনের দলকে। ম্যাচের প্রথমার্ধটা শেষ হয়ে গেলে ভাবনায় পড়েছিলেন কোচ মাহবুব হারুন। কারণ গোল আদায় করতে পারছিলেন না তার ছেলেরা। যে কারণে ফিল্ড গোলের চেয়ে একটা পেনাল্টি কর্নারের সুযোগ খুঁজছিল। কারণ পেনাল্টি কর্নার থেকে গোল আদায় করতে পারলে ম্যাচের মোড় ঘুরে যেতে পারে। শেষ পর্যন্ত সেটাই হতে যাচ্ছিল। ৩৯ মিনিটে পেনাল্টি কর্নার থেকে চয়ন ড্র্যাগ করলে বল বাইরের দিকে চলে যাচ্ছিল। পুস্কর খিষা মিমো বলটা কানেক্ট করে পোস্টের দিকে ঠেলে দিলে ফিল্ড গোলের সুবাদে ব্যবধান গড়ে উঠে ১-০। ৫১ মিনিটে পিন্টু, নিলয় থেকে আসা বলে শেখ নান্নু হিট করে ম্যাচের ব্যবধান বাড়িয়ে দেন ২-০। আর তাতে দল কিছুটা তেতে ওঠে। আবার পেনাল্টি কর্নার পেয়ে নান্নু বিপ্লবের ষ্টিক হয়ে আসা বলে দারুণ গোল করেছেন চীনের বিরুদ্ধে ম্যাচ সেরা পুরস্কার পাওয়া বাংলাদেশের তারকা রাসেল মাহমুদ জিমি ৩-০। তিন গোলে এগিয়ে থেকে ওমানের কাছে গোল হজম করে বাংলাদেশ ১-৩। তাতে একটুও দমে যায়নি দারুণ খেলতে থাকা বাংলাদেশ। জিমির কাছ থেকে বল পেয়ে ম্যাচের শেষ গোলটি করেন মইনুল ইসলাম কৌশিক ৪-১। যদিও গোলটি কৌশিক করেছেন কিন্তু টিভিতে দেখা গেছে গোলের পুরো কৃতিত্ব জিমির। তার হিট পোস্টে ঢুকছিল, সেটাকে নিশ্চিত গোলে পরিণত করতে কৌশিক ষ্টিক ছোঁয়ান। ম্যাচ সেরা খেলোয়াড় হয়েছেন মিমো। বাংলাদেশের চতুর্থ ম্যাচ আগামীকাল ফিজির বিরুদ্ধে।
শ্রীলংকার পেস বোলিং কোচ হলেন ভাস
সাবেক ফাস্ট বোলার চামিন্দা ভাসকে আগামী দু’বছরের জন্য শ্রীলংকা ক্রিকেট দলের প্রধান বোলিং কোচ নিয়োগ করা হয়েছে।
শ্রীলংকা ক্রিকেট এক বিবৃতিতে জানায়, মুত্তিয়া মুরলিধরনের পর শ্রীলংকার হয়ে টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারী ৩৯ বছর বয়সী ভাস সাবেক ফাস্ট বোলিং কোচ চম্পকা রামানায়েকসহ তিন সদস্যের বোলিং কোচ ইউনিয়নের প্রধান হিসেবে কাজ করবেন। খেলোয়াড়ী জীবনে ১১১ টেস্টে ৩৫৫ এবং ৩২২ ওয়ানডে ম্যাচে ৪০০ উইকেট শিকার করেছেন ভাস। গত বছর নিউজিল্যান্ড দলের শ্রীলংকা সফরে ২ ম্যাচ সিরিজে সফরকারীদের বোলিং পরামর্শক হিসেবে খুবই ভাল করেছেন তিনি। ১-১ ম্যাচে সিরিজ অমীমাংসিত থাকে। - বাসস