বিসিএলের
‘ঐতিহাসিক’
ফাইনাল আজ
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০১৩, ২১:১৩
নতুন ইতিহাস গড়তে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) এর ফাইনাল আজ; গোলাপী বল দিয়ে বিসিবি উত্তরাঞ্চল ও ওয়ালটন মধ্যাঞ্চলের মধ্যকার পাঁচদিনের ফাইনাল ম্যাচটি হবে দিবা-রাত্রির। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে যা প্রথম। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দুপুর ১টায় ম্যাচটি শুরু হবে। দিনের খেলা শেষ হবে রাত ৮টায়।
তবে এমন ইতিহাসের সাক্ষী হতে পারছেন না জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর রহিম ও সহ-অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ইনজুরির কারণে বিসিবি উত্তরাঞ্চলের অধিনায়ক মুশফিক ও ওয়ালটন মধ্যাঞ্চলের অধিনায়ক মাহমুদউল্লাহ খেলতে পারবেন না। মুশফিকের জায়গায় নাসির হোসেন ও মাহমুদউল্লাহর পরিবর্তে মোশাররফ হোসেন রুবেল নেতৃত্ব দিতে পারেন দুই দলের।
২০১০ সালের মে মাসে লর্ডসে বাংলাদেশ-ইংল্যান্ড টেস্ট গোলাপী বলে দিবা-রাত্রিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু নানা জটিলতায় তা আর হয়নি। বিপিএলের কারণে বিসিএলে বিরতি ছিল। গত ৮ জানুয়ারি সর্বশেষ লিগের খেলা হয়েছিল। চার দলের টুর্নামেন্টে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল ও ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল বাদ পড়েছে লিগ পর্ব থেকেই। ওয়ালটন মধ্যাঞ্চল ৩ ম্যাচের সবক’টি ড্র করে বোনাস পয়েন্টসহ ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে ফাইনালে উঠে। ৩ ম্যাচে এক জয় ও ২ ড্র’তে বোনাস পয়েন্টসহ ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ছিল বিসিবি উত্তরাঞ্চল। শিরোপার লড়াইয়ের আগে লিগ পর্বে উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলের ম্যাচটি ড্র হয়েছিল।